Monday, May 25, 2026
Home Sports News কেকেআরের প্রস্তাবে না, এই ফ্র্যাঞ্চাইজির ডাকে সাড়া দেবেন ঋদ্ধি?

কেকেআরের প্রস্তাবে না, এই ফ্র্যাঞ্চাইজির ডাকে সাড়া দেবেন ঋদ্ধি?

wriddhiman-saha-ipl-2026-coaching-offer-gujarat-titans

ক্রিকেট কেরিয়ারের পর কোচিং। দ্বিতীয় ইনিংসটা ধীরে, কিন্তু বেশ পরিকল্পনা করেই শুরু করেছেন ঋদ্ধিমান সাহা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এখন তিনি বাংলার অনূর্ধ্ব-২৩ দলের কোচ। আর এই নতুন ভূমিকাতেও (IPL 2026) তিনি নিজের ছাপ ফেলতে শুরু করেছেন, তার প্রমাণ মিলছে ফলাফলে।

- Advertisement -

দেশের হয়ে খেলেও ভোটার পরিচয়ে প্রশ্ন! SIR নোটিস পেলেন তারকা ফুটবলার

   

ঋদ্ধিমানের কোচিংয়ে বাংলার অনূর্ধ্ব-২৩ দল ওয়ানডে টুর্নামেন্টে সেমিফাইনালে উঠেছে। সিকে নাইডু ট্রফিতেও নকআউট পর্বে পৌঁছনোর দৌড়ে ভালোমতো টিকে রয়েছে দল। তরুণ ক্রিকেটারদের সঙ্গে তাঁর বোঝাপড়া, টিম ম্যানেজমেন্ট এবং ম্যাচ পরিস্থিতি পড়ার ক্ষমতা ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে ক্রিকেটমহলে।

এই সাফল্যের আবহেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর নজরে পড়েছেন ঋদ্ধিমান। জানা যাচ্ছে, একাধিক আইপিএল দল তাঁর সঙ্গে কোচিং স্টাফে যোগ দেওয়ার ব্যাপারে যোগাযোগ করেছে। গত মরশুমে কলকাতা নাইট রাইডার্স তাঁকে সহকারী কোচ হিসেবে চেয়েছিল। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দেন ঋদ্ধি। কারণটা একেবারেই স্পষ্ট, তিনি ধাপে ধাপে এগোতে চান। শুরুতেই আইপিএলের মতো বড় মঞ্চে কোচিংয়ের দায়িত্ব নিতে না গিয়ে আগে রাজ্য দলের স্তরে নিজেকে প্রতিষ্ঠিত করাই ছিল তাঁর লক্ষ্য।

এবার ছবিটা একটু বদলাচ্ছে। সূত্রের খবর, আইপিএলের আর এক ফ্র্যাঞ্চাইজি, গুজরাট টাইটান্স ঋদ্ধিমানকে কোচিং স্টাফে অন্তর্ভুক্ত করতে প্রবল আগ্রহী। গুজরাটের সঙ্গে ঋদ্ধির সম্পর্ক নতুন নয়। এই দলের হয়েই তিনি কয়েক বছর আইপিএল খেলেছেন, জিতেছেন ট্রফিও। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, গুজরাটের বর্তমান কোচ আশিস নেহরার সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত ভালো। নেহরার কোচিংয়েই টানা তিন বছর গুজরাটে খেলেছিলেন ঋদ্ধি।

ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা যাচ্ছে, ঋদ্ধিমানের ‘টিম ম্যান’ মানসিকতাই নেহরাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল। ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলকে সবসময় অগ্রাধিকার দেওয়া। এই মানসিকতাই তাঁকে কোচ হিসেবেও আলাদা করে তুলতে পারে বলে মনে করছেন অনেকে। শোনা যাচ্ছে, আশিস নেহরা নিজেই ঋদ্ধিমানকে তাঁর কোচিং টিমে আনার জন্য উদ্যোগী হয়েছেন।

তবে এখনও পর্যন্ত গুজরাট টাইটান্সকে কোনও চূড়ান্ত উত্তর দেননি ঋদ্ধিমান। বেশ কিছু দিন আগেই প্রস্তাব গেলেও তিনি নীরব। এই বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল, কিন্তু ফোনে তাঁকে পাওয়া যায়নি।

রাজ্য দলের কোচ হিসেবে সবে শুরু হয়েছে ঋদ্ধিমান সাহার দ্বিতীয় ইনিংস। প্রশ্ন একটাই, মরশুমেই কি আইপিএলের মঞ্চে শুরু হবে তাঁর আর এক নতুন অধ্যায়? নাকি আগের মতোই ধৈর্য ধরে, সময় নিয়ে এগোনোর পথেই থাকবেন ভারতের প্রাক্তন এই উইকেটকিপার-ব্যাটার? উত্তর আপাতত সময়ের হাতেই।

Follow on Google