লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টার। বিশ্বকাপজয়ী অধিনায়ক। বিশ্বের কিংবদন্তীদের তালিকায় রয়েছে তিনি (Lionel Messi০। ফুটবল ম্যাজিশিয়ান বলা হয় তাঁকে। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত রয়েছে তাঁর। সেই ভক্তের ভালোবাসায় মাটিতে পড়ে গেলেন মেসি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।
মায়ামির প্রাক্–মৌসুম সফরে ছিল একটি প্রীতি ম্যাচ। যদিও সেই দিন ম্যাচটি হয়নি। পুনর্নির্ধারণ করে ম্যাচটি ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার ভোরে হয়। পুয়ের্তো রিকোয় ২০ হাজার দর্শকের সামনে মুখোমুখি হয় ইন্টার মায়ামি ও ইকুয়েডরের ক্লাব ইন্দেপেদিয়েন্তে দেল ভ্যাল। এই ম্যাচে ২-১ ব্যবধানে জয় পায় ইন্টার মায়ামি। সেই জয়ের অন্যতম কাণ্ডারি ছিলেন মেসি।
প্রথমার্ধের ১৬ মিনিটে গোল করে ইন্টার মায়ামিকে এগিয়ে দেন সান্তিয়াগো মোরালেস। কিছুক্ষণের মধ্যেই ইন্দেপেদিয়েন্তেকে সমতায় ফেরান প্যাট্রিক মেরকাদো। প্রথম থেকে ম্যাচে নামানো হয়নি মেসিকে। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ৭০ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার। ম্যাচের বয়স তখন ৮৮ মিনিট। মাঠের মধ্যে ঢুকে পড়েন কয়েকজন দর্শক। বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, মেসি দাঁড়িয়ে এক ভক্তের সঙ্গে ছবি তুলছেন। তখন পিছন থেকে এক ভক্ত দৌড়ে গিয়ে তাঁকে জড়িয়ে ধরেন। এরপরই মাটিতে পড়ে যান মেসি। এরপরই কয়েকজন নিরাপত্তাকর্মী দৌড়ে সেই ভক্তকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় মেসিকে। স্বস্তির খবর চোট পাননি তিনি।




















