সায়ন সেনগুপ্ত, কলকাতা: আজ হয়ে গেল ঘোষণা। তিন বছরের চুক্তিতে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টে সই করলেন লালিয়ানজুয়ালা ছাংতে। গত কয়েক মাস ধরেই তাঁর যোগদানের কথা বিভিন্ন মাধ্যম থেকে উঠে আসতে শুরু করেছিল বারংবার। অবশেষে আগস্টের প্রথম দিনেই জাতীয় দলের এই ফুটবলারের দলে আসার কথা জানিয়ে দিল ম্যানেজমেন্ট। গত বেশ কয়েক মরসুমে রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসির হয়ে দাপিয়ে ফুটবল খেলেছেন ছাংতে। দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলের পাশাপাশি জিতেছেন লিগ শিল্ড। এবার কলকাতা ময়দানের এই প্রধান নিজের সেরাটা দেওয়ার চ্যালেঞ্জ।
মোহনবাগানে যোগদান করার প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতের যেকোনও ফুটবলারের মনেই মোহনবাগানের জার্সিতে মাঠে খেলার স্বপ্ন থাকে। ছোটবেলা থেকেই ভাবতাম কলকাতায় যদি কখনো খেলতে যাই মোহনবাগানেই খেলবো। সেই স্বপ্ন আমার পূরণ হল। অন্যান্য ক্লাবের তরফ থেকে অফার থাকলেও মোহনবাগানকে বেছে নেওয়ার অন্যতম কারণ হল ঐতিহ্য ও সাফল্যের নিরিখে এটাই দেশের সেরা ক্লাব। এশিয়ার পর্যায়ে এই ক্লাবের নাম সবাই জানে। এখনও পর্যন্ত যে সম্মান এবং সাফল্য ফুটবলার জীবনে পেয়ে থাকি মোহনবাগানে না খেললে তা অসম্পূর্ণ থেকে যেত। তাই প্রস্তাব পাওয়ার সাথে সাথেই আমি রাজি হয়ে যাই।’
ডার্বি প্রসঙ্গে আরও বলেন, ‘ কলকাতায় কখনও না খেললেও কলকাতার ডার্বি নিয়ে আমি বরাবরই আগ্রহী। ছোটবেলা থেকেই আমি ডার্বি ফলো করি। প্রায় সব ডার্বি দেখেছি টিভিতে। অসাধারণ একটা পরিবেশ থাকে মাঠের মধ্যে। যা বিশ্ব ফুটবলে আমরা দেখে অভ্যস্ত। মাঠ ভর্তি সমর্থকদের সামনে এই ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছি। এটা শুধু এশিয়ার নয়, বিশ্ব ক্লাব ফুটবলের অন্যতম একটা সেরা ম্যাচ। সেখানে এবার খেলবো এটা ভেবেই আমি রোমাঞ্চিত। যা দল হয়েছে তাতে শুধু ডার্বি নয় সব ট্রফি আমরা জিততে পারি।’





