জার্মানি ফুটবল দলের কোচ হলেন জুরগেন ক্লপ। মার্কিন মুলুকে সদ্য শেষ হওয়া ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-এ প্যারাগুয়ের কাছে সেই অভাবনীয় হারের পর জার্মান ফুটবলের অহঙ্কার কার্যত ধুলোয় মিশেছিল। জুলিয়ান নাগেলসমানের অধীনে বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছতে না পারার ব্যর্থতার সেই ধ্বংসস্তূপের মাঝেই এবার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন তিনি। জার্মানির হারানো ফুটবল গরিমা পুনরুদ্ধারের গুরুদায়িত্ব এখন এই ৫৯ বছর বয়সী মাস্টারমাইন্ডের কাঁধে।
শুক্রবার এক সাংবাদিক বৈঠকে জার্মান ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের কোচ হিসেবে জুরগেন ক্লপের নাম ঘোষণা করেছে। নতুন দায়িত্ব নিয়ে ‘হেভি মেটাল ফুটবল’-এর স্রষ্টা তাঁর চেনা আবেগঘন ভঙ্গিতেই বলেছেন, “জাতীয় দল আমাদের জার্মানদের যেভাবে এক সুতোয় বেঁধে রাখে, অন্য কোনো কিছুই তা পারে না। আর ঠিক এই কারণেই কাজটা আমার কাছে এত স্পেশাল।”
২০২৪ সালে চরম ক্লান্তি আর অবসাদের কথা বলে লিভারপুলের অ্যানফিল্ড ছেড়েছিলেন জুরগেন। তারপর গত দেড় বছর ‘রেড বুল’ স্পোর্টস গ্রুপের ‘হেড অফ গ্লোবাল সকার’ হিসেবে কাজ করেছেন বিশ্বজুড়ে। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে জার্মান ভাষায় সম্প্রচারকারী এক চ্যানেলের হয়ে আমেরিকায় বসে বিশেষজ্ঞের কাজও করেছেন এই অভিজ্ঞ কোচ। তবে ফেডারেশনের সঙ্গে কয়েক সপ্তাহের দীর্ঘ আলোচনার পর তিনি জানিয়েছেন, এই নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য তিনি এখন পুরোপুরি “রিচার্জড”।
অবশ্য দায়িত্ব নিয়েই স্বস্তিতে বসার কোনো সুযোগ তাঁর নেই। জাতীয় দলের কোচ হিসেবে শুরুতেই তাঁর সামনে অপেক্ষা করে রয়েছে এক অগ্নিপরীক্ষা। আগামী সেপ্টেম্বর মাসের শেষে এবং অক্টোবরের শুরুতে মাত্র ১১ দিনের মধ্যে উয়েফা নেশনস লিগের চারটি কঠিন ম্যাচে নেদারল্যান্ডস, গ্রিস এবং সার্বিয়ার বিরুদ্ধে জুরগেনের মগজাস্ত্রের আসল পরীক্ষা শুরু হবে।
Also Read | সন্ত্রাসবাদ অর্থায়নে ফের নজরে বাংলা! কালিকাপুরের মাদ্রাসা থেকে উদ্ধার ৪০লক্ষ নগদ-১৮০ গ্রামের সোনার মুদ্রা
Also Read | পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব
Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা
Also Read | IRCTC-এর ৯ দিনের তীর্থযাত্রা ট্রেন: জ্যোতির্লিঙ্গ থেকে দ্বারকা-অক্ষরধাম, ভাড়া ও রুট জানুন
Also Read | মিরিক লেককে আরও সুন্দর করতে ১০০কোটির পর্যটন প্রকল্প শুভেন্দু সরকারের





