ধীরে ধীরে এগিয়ে চলেছে সময়। কিন্তু কবে থেকে শুরু হবে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ সেটা এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি। সে কয়েক মাস ধরেই এই নিয়ে দেশের প্রথম সারির ফুটবল ক্লাব গুলির সঙ্গে বৈঠকে বসেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এছাড়াও সক্রিয়তা দেখিয়েছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়। কিন্তু এখনও মেলেনি সমাধান সূত্র। একটা সময় অংশগ্রহণকারী অধিকাংশ ক্লাব গুলির তরফে জোট বেঁধে নির্দিষ্ট অর্থের বিনিময় লীগ পরিচালনা করার কথা উঠে আসলেও সবুজ সংকেত মেলেনি। যদিও সেক্ষেত্রে অংশগ্রহণ করেনি কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব।
এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকার। চলতি সিজনে পুরুষ দল চূড়ান্ত সাফল্য না পেলেও গত কয়েকদিন আগেই নেপালের মাটিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে মশাল কন্যারা। ওমেন্স সাফ চ্যাম্পিয়নশিপের প্রথমবারেই বাজিমাত করেছে অ্যান্থনি অ্যান্ড্রুজের ইস্টবেঙ্গল দল। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে নেপালের শক্তিশালী এপিএফ দলকে পরাজিত করে এই আন্তর্জাতিক খেতাব জয় করেছে লাল-হলুদ ব্রিগেড। গতকাল রাতে শহরে ফিরেছে গোটা দল। তাঁদের নিয়ে সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তারপর পরিকল্পনা অনুযায়ী আজ দুপুরে পতাকা উত্তোলিত হয় ক্লাব টেন্টে।
সেখানেই উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে এই ইস্যু নিয়ে প্রশ্ন করা হলে এই সাবেক কর্তা বলেন, ‘আমার মনে হয় গোটা দেশবাসী গর্বিত। সাফ কাপে ইন্ডিয়া প্রথম চ্যাম্পিয়ন হয়েছে। নেতৃত্ব দিয়েছে ইস্টবেঙ্গল।’ পাশাপাশি দেশের প্রথম ডিভিশন লিগ প্রসঙ্গে বলেন, ‘ ইস্টবেঙ্গল ক্লাব বরাবর বলেছে এই লিগ হবে। এখনও আমরা বলছি এই লিগ হবে। কি ফর্মেশনে হবে আমি জানি না। কিন্তু হবে। এটা আমরা বিশ্বাস করি। ফেডারেশনের লিগ ফেডারেশন করবে। ফেডারেশন যদি জানায় যে তাঁদের পক্ষে সম্ভব নয় তখন আমরা যাব। আমরা ম্যাচ আয়োজন করতে আসিনি। আমরা এসেছি খেলতে।’
আর ও বলেন, ‘আমাদের যথেষ্ট রিলায়েন্সের প্রতি সম্মান আছে। ভালোবাসা আছে। তাঁরা দীর্ঘদিন ধরে ফুটবলটা এগিয়ে নিয়ে যাচ্ছে। ভালো করুক মন্দ করুক সেটা মানুষ বিচার করবে।’
