মায়ামি ওপেনে (Miami Open) ইতিহাস গড়লেন ইতালির তারকা ইয়ানিক এবং বেলারুশের বিশ্বসেরা আরিনা সাবালেঙ্কা। মর্যাদাপূর্ণ মায়ামি ওপেন জিতে তাঁরা সম্পূর্ণ করলেন টেনিসের অত্যন্ত বিরল কীর্তি—‘সানশাইন ডাবল’। এর আগে ২০১৬ সালে পুরুষ ও মহিলা দুই বিভাগে একসাথে এই কীর্তি দেখা গিয়েছিল।
পুরুষদের ফাইনালে সিনার দুর্দান্ত ফর্মে প্রতিপক্ষকে হারিয়ে নিজের ক্যারিয়ারের অন্যতম বড় সাফল্য অর্জন করেন। চেক প্রতিযোগী ইয়িরি লেহেচকাকে হারান ৬-৪, ৬-৪ সেটে। পুরো টুর্নামেন্ট জুড়েই তাঁর আক্রমণাত্মক খেলা এবং নিখুঁত কোর্ট কভারেজ নজর কাড়ে। গুরুত্বপূর্ণ মুহূর্তে ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই তাঁকে অন্যদের থেকে আলাদা করে দেয়।
অন্যদিকে মহিলাদের ফাইনালে সাবালেঙ্কা নিজের আক্রমনাত্মক সার্ভ ও আগ্রাসী বেসলাইন খেলায় প্রতিপক্ষকে চাপে রাখেন। প্রতিপক্ষ কোকো গফকে হারান ৬-২, ৪-৬, ৬-৩ সেটে। ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে তিনি জয় নিশ্চিত করেন। সাম্প্রতিক সময়ে তাঁর ধারাবাহিক পারফরম্যান্স তাঁকে মহিলাদের টেনিসে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এই টুর্নামেন্টে জিতে ‘সানশাইন ডাবল’ খেতাব অর্জন করলেন এই দুই টেনিস তারকা। ‘সানশাইন ডাবল’ জেতা টেনিসে অত্যন্ত কঠিন কীর্তি। কারণ অল্প সময়ের ব্যবধানে দুটি বড় টুর্নামেন্টে শীর্ষ ফর্ম ধরে রাখা সহজ নয়। সিনার ও সাবালেঙ্কার এই সাফল্য তাঁদের মানসিক দৃঢ়তা ও অসাধারণ দক্ষতারই প্রমাণ।




















