আন্দামান সাগরে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় প্রায় ২৫০ জন রোহিঙ্গা (Rohingya boat)শরণার্থী ও বাংলাদেশি নাগরিক নিখোঁজ হয়ে গেছেন বলে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থাগুলি। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে UNHCR এবং IOM।
সংস্থাগুলির রিপোর্ট অনুযায়ী, গত ১৪ এপ্রিল দক্ষিণ বাংলাদেশের উপকূল থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেয় একটি ছোট নৌকা। যাত্রাপথে প্রবল ঝড়, উত্তাল সমুদ্র এবং অতিরিক্ত যাত্রীর চাপে নৌকাটি আন্দামান সাগরে উল্টে যায়। সেই নৌকায় থাকা অধিকাংশ মানুষের ভাগ্য এখনও অজানা, ফলে আশঙ্কা আরও বাড়ছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই রোহিঙ্গা শরণার্থীরা ঝুঁকিপূর্ণ কাঠের নৌকায় করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডের দিকে পাড়ি দিচ্ছেন। মূলত নিরাপদ আশ্রয় ও উন্নত জীবনের খোঁজেই তারা এই বিপজ্জনক যাত্রা বেছে নিতে বাধ্য হচ্ছেন। কিন্তু প্রায়শই এই যাত্রা পরিণত হচ্ছে মর্মান্তিক দুর্ঘটনায়।
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ঘটনা নতুন নয়, বরং রোহিঙ্গা সংকটেরই একটি করুণ প্রতিফলন। ২০১৭ সালে মায়নমারের সেনাবাহিনীর বড়সড় সামরিক অভিযানের জেরে অন্তত ৭ লক্ষ ৩০ হাজার রোহিঙ্গা নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। তাদের বড় অংশ আশ্রয় নেন বাংলাদেশে , বিশেষ করে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলিতে। তবে বছরের পর বছর ধরে শিবিরগুলিতে বসবাস, সীমিত সুযোগ-সুবিধা এবং ভবিষ্যতের অনিশ্চয়তা অনেক রোহিঙ্গাকে বিপজ্জনক পথে পা বাড়াতে বাধ্য করছে। কাজের সুযোগের অভাব, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার সীমাবদ্ধতা, এবং নিরাপত্তাহীনতা তাদের জীবনে এক অদৃশ্য চাপ তৈরি করছে।
আরও দেখুনঃ প্রধানমন্ত্রীর গাড়ি কেন চেক করা হয় না? কড়া মন্তব্য মমতার
UNHCR এবং IOM এই ঘটনার পর গভীর দুঃখ প্রকাশ করে জানিয়েছে, এটি দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতির ভয়াবহ মানবিক মূল্যকেই সামনে নিয়ে এসেছে। একইসঙ্গে তারা আন্তর্জাতিক মহলের কাছে আহ্বান জানিয়েছে যাতে রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দানকারী দেশগুলির জন্য আরও আর্থিক সহায়তা এবং জরুরি ত্রাণ বাড়ানো হয়। একটি রাষ্ট্রসংঘের তথ্য অনুসন্ধান মিশন আগেই জানিয়েছিল, ২০১৭ সালের অভিযানে ‘গণহত্যার উপাদান’ ছিল। যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে মায়ানমার সরকার। তবুও এই ইস্যু আন্তর্জাতিক রাজনীতিতে এখনও একটি স্পর্শকাতর বিষয় হয়ে রয়েছে।
বর্তমান এই নৌকাডুবির ঘটনায় আবারও সামনে এল সেই কঠিন বাস্তবতা যেখানে নিরাপত্তা ও বেঁচে থাকার আশায় মানুষ নিজেদের জীবনকে ঝুঁকির মুখে ফেলতে বাধ্য হচ্ছেন। মানবাধিকার সংগঠনগুলি বলছে, শুধুমাত্র ত্রাণ বা অস্থায়ী সহায়তা নয়, বরং দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করা এখন সময়ের দাবি।




















