মাসের শুরুতেই ছ্যাঁকা! এক ধাক্কায় ৫৩ টাকা বাড়ল গ্যাসের দাম

নয়াদিল্লি: মাসের শুরুতেই ছ্যাঁকা রান্নার গ্যাসের দামে। তবে আমজনতার স্বস্তি বজায় রেখে এবারও ১৪.২ কেজির গৃহস্থালির সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আনা হয়নি। মূলত হোটেল, রেস্তোরাঁ ও ক্যাটারিং ব্যবসায় ...

By Moumita Biswas

Published:

Follow Us
LPG Cylinder Price Hike June 2026

নয়াদিল্লি: মাসের শুরুতেই ছ্যাঁকা রান্নার গ্যাসের দামে। তবে আমজনতার স্বস্তি বজায় রেখে এবারও ১৪.২ কেজির গৃহস্থালির সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আনা হয়নি। মূলত হোটেল, রেস্তোরাঁ ও ক্যাটারিং ব্যবসায় ব্যবহৃত ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় বেশ কিছুটা বাড়িয়ে দেওয়া হল। জ্বালানি মজুত রুখতে দেশজুড়ে কড়া নজরদারি ও ধরপাকড়ের মাঝেই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির তরফ থেকে এই মূল্যবৃদ্ধির ঘোষণা করা হয়েছে। (LPG Cylinder Price Hike June 2026)

কোথায় কত দাম

নতুন তালিকা অনুযায়ী, কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক লাফে ৫৩.৫০ টাকা বৃদ্ধি পেয়েছে, যার ফলে কলকাতায় এর নতুন দাম দাঁড়িয়েছে ৩,২৫৫.৫০ টাকা। ওদিকে রাজধানী দিল্লিতেও বাণিজ্যিক গ্যাসের দাম ৪২ টাকা বেড়ে হয়েছে ৩,১১৩.৫০ টাকা। শুধু তাই নয়, সংবাদ সংস্থা এএনআই-এর দেওয়া তথ্য অনুযায়ী, দিল্লিতে ৫ কেজির ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দামও ১১ টাকা বাড়িয়ে ৮২১.৫০ টাকা করা হয়েছে। তবে স্বস্তির খবর একটাই, গৃহস্থালির রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকায় মধ্যবিত্তের হেঁশেলের বাজেট এখনই বিগড়োচ্ছে না।

   

জ্বালানি মজুত মজবুত করতেই এই পদক্ষেপ

সূত্রের খবর, দেশের সামগ্রিক জ্বালানি নিরাপত্তা ব্যবস্থা আরও পোক্ত করতেই পেট্রোলিয়াম পণ্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্মসচিব সুজাতা শর্মা সম্প্রতি একটি উচ্চপর্যায়ের বৈঠকের পর জানান, সরকার কৌশলগত জ্বালানি মজুত বা স্ট্র্যাটেজিক রিজার্ভ গড়ে তোলার কাজ শুরু করেছে। সমস্ত তেল সংস্থাকে অন্তত ৩০ দিনের ব্যাক-আপ এলপিজি মজুত রাখার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

কেন কিছু জায়গায় ঘাটতি?

যুগ্মসচিবের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে দৈনিক এলপিজির চাহিদা যেখানে ৭২ হাজার মেট্রিক টন, সেখানে দেশের রিফাইনারিগুলি সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে দৈনিক ৫০ থেকে ৫২ হাজার মেট্রিক টন গ্যাস উৎপাদন করছে। তবে কৃষিক্ষেত্রে হঠাৎ করে জ্বালানির চাহিদা মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় এবং বড় পরিমাণে কেনাকাটা চলায় কিছু খুচরো বিক্রয়কেন্দ্রে অস্বাভাবিক ভিড় চোখে পড়েছে। দেশের সামগ্রিক জ্বালানি বিক্রি ৩০ শতাংশের বেশি বেড়েছে এবং ১৪টি জেলায় পেট্রোল বিক্রি ১০০ শতাংশ পার করে গিয়েছে।

কালোবাজারি রুখতে আসরে সরকার, ধৃত ১৭

এই কৃত্রিম চাহিদা এবং বেআইনি মজুতদারির বিরুদ্ধে রাজ্যজুড়ে যুদ্ধকালীন তৎপরতায় অভিযান চালাচ্ছে প্রশাসন। গত কয়েক দিনে প্রায় ৬,৫০০টি অভিযান চালিয়ে ৫টি এফআইআর দায়ের এবং ২ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি পাম্পগুলিতে ৯০০টি ঝটিকা পরিদর্শন চালিয়ে ৪১৭ লিটার পেট্রোল এবং ৭৫,৭১৫ লিটার ডিজেল বাজেয়াপ্ত করেছে স্কোয়াড। এই কালোবাজারির ঘটনায় আরও ১২টি নতুন এফআইআর দায়ের করে ১৫ জনকে শ্রীঘরে পাঠানো হয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google