চীনের নিংবোতে অনুষ্ঠিত হচ্ছে ২০২৬ ব্যাডমিন্টন এশিয়ান চ্যাম্পিয়নশিপ। গতকাল উদ্বোধনী রাউন্ডে উচ্চ-র্যাঙ্কের প্রতিপক্ষকে পরাজিত করে ঝড় তোলেন ভারতীয় শাটলার আয়ুষ শেঠি এবং উন্নতি হুডা। এছাড়া ভারতের আরেক ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু তিন গেমের কঠিন লড়াই সামলে পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়েছেন। কিন্তু প্রথম রাউন্ডেই হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন লক্ষ্য সেন।
ভারতের উদীয়মান শাটলার আয়ুশ শেঠি তাঁর আক্রমণাত্মক স্ম্যাশে বিশ্বের ৭ নম্বর খেলোয়াড়
লি শি ফেং-কে পরাজিত করেন। বিশ্বের ২৫ নম্বর খেলোয়াড় আয়ুশ ২১-১৩, ২১-১৬ গেমে পঞ্চম বাছাই লি শিফেংকে পরাস্ত করেন। প্রি-কোয়ার্টারে আয়ুশ চাইনিজ তাইপের চি ইউ জেনের মুখোমুখি হবেন। ওই দিনের পরের একটি ম্যাচে, ভারতের উন্নতি হুডা বিশ্ব র্যাঙ্কিং এ ১১ নম্বরে থাকা সুপনিদা কাথেথংকে পরাস্ত করেন। তাঁকে ২৩-২৫, ২১-৮, ২১-১৮ পয়েন্টে হারিয়ে সকলকে চমকে দেন এই ভারতীয় শাটলার।
তার আগে, পিভি সিন্ধু তার প্রথম রাউন্ডে মালয়েশিয়ার ওং লিং চিং-এর বিপক্ষে জেতেন। শেষ ষোলোতে তিনি চীনের দ্বিতীয় বাছাই ওয়াং ঝি ই-এর মুখোমুখি হবেন। এছাড়া ভিয়েতনামের নগুয়েন হাই ডাংকে ২৪-২২, ২১-১২ পয়েন্টে পরাজিত করে এইচএস প্রন্নয় ইতিমধ্যে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন।
অন্যদিকে লক্ষ্য সেন হংকংয়ের লি চেউক ইউ-এর কাছে প্রথম গেমেই হেরে যান। দ্বিতীয় রাউন্ডে ফিরে আসতে চাইলেও, আর পারেননি। লোহ কিন ইউ-এর কাছে ২১-১৮, ৯-২১, ১১-২১ সেটে হেরে পুরুষদের এককে কিদাম্বি শ্রীকান্তেরও এই টুর্নামেন্টে যাত্রার সমাপ্তি ঘটে।
ইতিমধ্যে মহিলাদের একক বিভাগে থাইল্যান্ডের বুসানান ওংবামরুংফানের কাছে ১০-২১, ১৯-২১ স্কোরে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন মালবিকা বানসোদ। মহিলাদের একক বিভাগের প্রথম রাউন্ডের ম্যাচে লেতশানা কারুপাথেভানের কাছে ১৯-২১, ১৪-২১ সরাসরি গেমে হেরে এই টুর্নামেন্টে অভিযান শেষ করেন তানভি শর্মাও। চীনের শু মিন লুওর অষ্টম বাছাই ই জিং লি-র কাছে ৯-২১, ৮-২১ স্কোরে হেরে যাওয়ায় কবিপ্রিয়া সেলভাম এবং সিমরান সিংঘির মহিলাদের দ্বৈত বিভাগের অভিযানও শেষ হয়ে যায়।



















