কলকাতা: ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে ক্রমশই চড়ছে রাজনৈতিক উত্তাপ। আসন্ন নির্বাচনের আগে এই কেন্দ্র এখন রাজ্যের অন্যতম হাইভোল্টেজ আসনে পরিণত হয়েছে। সম্প্রতি বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা এবং তার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাল্টা আক্রমণ সব মিলিয়ে জমে উঠেছে রাজনৈতিক লড়াই।
গত বৃহস্পতিবার ভবানীপুরে রীতিমতো শক্তিপ্রদর্শন করে মনোনয়ন জমা দেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মনোনয়ন পেশের আগে একটি সভা থেকে অমিত শাহ দাবি করেন, “ভবানীপুরবাসী যদি একটিমাত্র আসনও আমাদের জিতিয়ে দেন, তাহলে রাজ্যে পরিবর্তন আসবেই।” এই মন্তব্যে রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়। বিজেপির পক্ষ থেকে ভবানীপুরে জোরদার প্রচার এবং বিশাল মিছিলের মাধ্যমে শক্তি প্রদর্শনের চেষ্টা স্পষ্ট ছিল।
শুভেন্দুর মনোনয়ন ঘিরে সেই দিন ভবানীপুর কার্যত গেরুয়া রঙে রাঙিয়ে উঠেছিল। শয়ে শয়ে মানুষের উপস্থিতি, ঢাকঢোল, পতাকা সব মিলিয়ে ছিল এক রণমুখর পরিবেশ। বিজেপির দাবি, এই ভিড়ই প্রমাণ করে যে ভবানীপুরে পরিবর্তনের হাওয়া বইছে। তবে সেই দাবিকে তীব্র ভাষায় খণ্ডন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নদিয়ার বেথুয়াডহরির একটি সভা থেকে সরাসরি বিজেপিকে আক্রমণ করেন তিনি। শুভেন্দু অধিকারীর মিছিলকে কটাক্ষ করে মমতা বলেন, “ওরা মনোনয়ন পেশ করতে গিয়ে সামান্য রাজনৈতিক সৌজন্যও দেখায়নি। ৫০০ টাকা করে লোক ভাড়া করে গেরুয়া কাপড় পরিয়ে নিয়ে এসেছে।” তাঁর অভিযোগ, ভবানীপুরের প্রকৃত বাসিন্দাদের উপস্থিতি সেখানে ছিল খুবই কম।
মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আরও দাবি করেন, “ভবানীপুরে মাত্র ১৬ জন লোক ছিল। বাকিদের কাঁথি, পটাশপুর, এগরা থেকে বাসে করে নিয়ে আসা হয়েছে।” তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপি কৃত্রিমভাবে জনসমর্থন দেখানোর চেষ্টা করছে, যা বাস্তবের প্রতিফলন নয়।
এই প্রসঙ্গেই নিজের মনোনয়ন পেশের তারিখও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, “আমিও ৮ তারিখে আমার মনোনয়ন পেশ করব।” তাঁর এই ঘোষণার পর ভবানীপুরে রাজনৈতিক তৎপরতা আরও বেড়ে গিয়েছে। তৃণমূল শিবির ইতিমধ্যেই সেই দিনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। মমতার এই বক্তব্যে স্পষ্ট যে, তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং বিজেপিকে।




















