সোহিনী পোড়েল, কলকাতা: শনিবারের ম্যাচের ওপর নির্ভর করছিল পাকিস্তানের ভাগ্য। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) শ্রীলঙ্কার বিরুদ্ধে শুধুমাত্র জয় পেলে হবে না, কঠিন অঙ্ক মেলাতে পারলে তবেই সেমিতে যেতে পারবে সলমন আলি আঘারা। ম্যাচ জিতেও বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান। আবারও প্রমাণিত ‘অঙ্ক কি কঠিন’! মাত্র ৫ রানে জয় পেল পাকিস্তান।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। শুরুটা দারুণ করে পাকিস্তান। কার্যত বাইশ গজে ঝড় তোলেন দুই পাক ওপেনার সাহেবজাদা ফারহান ও ফখর জামান। তাঁদের ব্যাটে ভর করে ১৭৫+ রান ওঠে পাকিস্তানের। সাহেবজাদা ফারহান ৬০ বলে ১০০ রান ও ফখর জামান ৪২ বলে ৮৪ রান তুলে সাজঘরে ফেরেন। বাকিরা ব্যাট হাতে ব্যর্থ হলেও দুই ওপেনার কাজের কাজ করে দিয়েছেন। শ্রীলঙ্কার হয়ে দিলশান মধুশঙ্কা ৩ টি, দুশমন্থা চামেরা ১ টি, দাসুন শানাকা ২ টি করে উইকেট নেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১২ রান তোলে পাকিস্তান।
জবাবে ব্যাট করতে নেমে ধাক্কা খায় শ্রীলঙ্কা। পথুম নিসাঙ্কার অবদান মাত্র ৩(৭) রান। আরেক ওপেনার কামিল মিশারা ১৫ বলে ২৬ রান তুলে সাজঘরে ফেরেন। চরিথ আসালাঙ্কা ২৫(১৮) রান, পবন রথনায়কে ৫৮(৩৭) রান তুলে আউট হয়ে যান। অধিনায়ক দাসুন শানাকা ৭৬(৩১) রানের অপরাজিত ইনিংস খেলে গেলেন। পাকিস্তানের হয়ে নাসিম শাহ ১ টি, আবরার আহমেদ ৩ টি, মহম্মদ নওয়াজ ১ টি, শাহিন শাহ আফ্রিদি ১ টি করে উইকেট নেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৭ রানে ঘরের মঠে নতজানু শ্রীলঙ্কা।




















