ঘরে টাকার পাহাড়! ভিজিল্যান্স হানা দিতেই জানলা দিয়ে বান্ডিল ছুড়লেন ইঞ্জিনিয়ার

ভুবনেশ্বর: জানলা খুলে ৫০০ টাকার বান্ডিল ছুড়ছেন সরকারি ইঞ্জিনিয়ার! দেখে পথচলতি মানুষের চোখ তখন কপালে। কেউ ভিডিও করছেন, কেউ ছবি। আর ততক্ষণে বাড়ির ভিতরে ঢুকে গেছে ভিজিল্যান্স। অভিযানে ...

By Moumita Biswas

Published:

Follow Us
Odisha Engineer Corruption

ভুবনেশ্বর: জানলা খুলে ৫০০ টাকার বান্ডিল ছুড়ছেন সরকারি ইঞ্জিনিয়ার! দেখে পথচলতি মানুষের চোখ তখন কপালে। কেউ ভিডিও করছেন, কেউ ছবি। আর ততক্ষণে বাড়ির ভিতরে ঢুকে গেছে ভিজিল্যান্স। অভিযানে বেরিয়ে দু’কোটি টাকারও বেশি নগদ উদ্ধার করল ওড়িশা পুলিশের দুর্নীতি দমন শাখা।

উদ্ধার কোটি কোটি টাকা

আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে অভিযানে নেমে চমকে উঠল ভিজিল্যান্স দফতর। ওড়িশা সরকারের গ্রামীণ সড়ক বিভাগের মুখ্য ইঞ্জিনিয়ার বৈকুণ্ঠনাথ সারঙ্গীর বাড়িতে হানা দিয়ে উদ্ধার হল নগদ ২ কোটিরও বেশি টাকা ও বিপুল সম্পত্তির দলিলপত্র। সারঙ্গীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি গড়ার অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার তার বাড়িতে হানা দেয় ওড়িশা পুলিশের দুর্নীতি দমন শাখা (ভিজিল্যান্স)।

   

তদন্তকারী আধিকারিকদের চোখের সামনে ঘটল অবিশ্বাস্য এক ঘটনা। ভুবনেশ্বরের ফ্ল্যাট থেকে তদন্তকারী দল যখন ঢুকছিল, তখন সারঙ্গী হঠাৎ জানলা খুলে বাইরে ছুড়ে ফেলতে থাকেন ৫০০ টাকার বান্ডিল। পথচলতি মানুষ ও স্থানীয় বাসিন্দারা এমন দৃশ্য দেখে হতবাক। তদন্তকারীদের মতে, এক কোটি টাকারও বেশি নগদ টাকা শুধু এই ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে।

অঙ্গুলের বাড়ি থেকেও উদ্ধার নগদ ১.১ কোটি টাকা Odisha Engineer Corruption

সারঙ্গীর শুধু ভুবনেশ্বরেই নয়, অঙ্গুল, পুরী জেলার পিপলি ও সিউলায় রয়েছে একাধিক সম্পত্তি। ভিজিল্যান্স সূত্রে খবর, অঙ্গুলের কারাদাগাড়িয়া এলাকায় তাঁর দু’তলা বাড়ি থেকেও উদ্ধার হয়েছে নগদ ১.১ কোটি টাকা। সারঙ্গীর পৈতৃক বাড়ি ও আত্মীয়দের বাড়িতেও অভিযান চালানো হয়। তল্লাশি চলে তাঁর অফিস চেম্বার— আরডি প্ল্যানিং অ্যান্ড রোডস ডিভিশন, ভুবনেশ্বর–এও।

এই তল্লাশি অভিযান পরিচালনার জন্য মোতায়েন করা হয়েছে ভিজিল্যান্সের ৮ জন ডেপুটি পুলিশ সুপার, ১২ জন ইন্সপেক্টর ও অন্যান্য আধিকারিকদের। অভিযান চালানো হয়েছে বিশেষ ভিজিল্যান্স আদালতের নির্দেশে।

এডি অফিসার ঘুষের মামলায় ধৃত

অন্যদিকে, আর্থিক দুর্নীতির আরেকটি ঘটনায় ২০ লক্ষ টাকার ঘুষ নেওয়ার অভিযোগে ধরা পড়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)–এর এক ডেপুটি ডিরেক্টর চিন্তন রঘুবংশী। তিনি ২০১৩ ব্যাচের ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস অফিসার। অভিযোগ, তিনি ধেনকানালের এক পাথর ব্যবসায়ীর কাছ থেকে ৫ কোটি টাকা দাবি করেন ‘মামলা থেকে রেহাই’ দেওয়ার শর্তে। সেই ব্যবসায়ী রতীকান্ত রাউতের কাছ থেকেই ঘুষের প্রথম কিস্তি ২০ লক্ষ টাকা নিতে গিয়ে সিবিআইয়ের হাতে ধরা পড়েন তিনি।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, ফাঁদ পেতে ঘুষ গ্রহণের সময় তাকে হাতেনাতে ধরা হয় এবং দীর্ঘ জেরা শেষে গ্রেফতার করা হয়েছে।

রাজ্যে দুর্নীতি ইস্যুতে চাঞ্চল্য, তদন্ত চলছে পুরোদমে

একদিকে সরকারি ইঞ্জিনিয়ারের ঘর থেকে কোটি টাকার নগদ, অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক কর্তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ— এই দুই ঘটনায় রাজ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারী দুই সংস্থার পক্ষ থেকেই জানানো হয়েছে, তল্লাশি এবং জেরা প্রক্রিয়া এখনো চলমান এবং আরও বড় দুর্নীতির চক্র সামনে আসতে পারে।

Bharat: Odisha vigilance has seized over ₹2 crore in cash and property documents from Chief Engineer Baikunthanath Sarangi in a disproportionate assets raid. Sarangi even threw cash bundles from his window during the Bhubaneswar raid. Simultaneous searches across multiple locations continue.

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google