কলকাতা: গতবারের মতো এবারও দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান ( Mohun Bagan) সুপার জায়ান্ট। গত সুপার কাপে আশানুরূপ পারফরম্যান্স না হলেও ইন্ডিয়ান সুপার লিগের শুরু থেকেই যথেষ্ট ছন্দে রয়েছে ময়দানের এই প্রধান। একের পর এক দলকে টানা পরাজিত করে লিগ টেবিলের শীর্ষে রয়েছে বাগান ব্রিগেড। আগামী শনিবার সন্ধ্যায় কান্তিরাভা স্টেডিয়ামে শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিপক্ষে খেলতে নামবে সবুজ-মেরুন। তবে এসবের মাঝেই মোহনবাগান ছেড়েছেন ফ্রান্সিসকো হোসে মার্টিনেজ নিয়ন। দেশের এই শক্তিশালী ফুটবল দলের গোলরক্ষক কোচ হিসেবে নিজের দায়িত্ব পালন করে আসলেও এবার যোগ দিচ্ছেন হন্ডুরাসের জাতীয় দলে।
সেখানেই বাগানের প্রাক্তন কোচ তথা হোসে মোলিনার সাথে নিজের দায়িত্ব পালন করবেন তিনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে এবার কার হাতে উঠতে পারে মোহনবাগানের সিনিয়র দলের দায়িত্ব। তবে জানা যায় যে এবার থেকে এই সিনিয়র দলের দায়িত্ব সামাল দেবেন বাঙালি কোচ অভ্র মন্ডল। তবে এটাই প্রথম নয়। পূর্বে ময়দানের এই প্রধানের যুব দলের দায়িত্বে ছিলেন তিনি। অভ্র মন্ডলের উপরেই এবার ভরসা রাখল ম্যানেজমেন্ট। যারফলে বিশাল কাইথদের দায়িত্বে ও এবার দেখা যাবে তাঁকে।
উল্লেখ্য, কিছু সময় আগেই হন্ডুরাসের জাতীয় দলের দায়িত্বে এসেছেন বাগানের প্রাক্তন আইএসএল জয়ী কোচ হোসে মোলিনা। এবার সেখানেই তাঁর ডেপুটি হিসেবে দেখা যাবে নিয়নকে। তাঁর আগে বৃহস্পতিবার দলের অনুশীলনে উপস্থিত ছিলেন এই বিদেশি কোচ। যেখানে খেলোয়াড়দের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বর্তমান কোচ সার্জিও লোবেরার সঙ্গেও দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা যায় এই স্প্যানিশকে।




















