লখনউ: দীর্ঘদিন জাতীয় দলের বাইরে মহম্মদ সামি (Mohammed Shami)। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম্যান্স থাকা স্বত্ত্বেও সুযোগ পাচ্ছেন না তিনি। শুরু তাঁর অবসর নিয়ে জল্পনা। এবার এক সাক্ষাৎকারে সামি স্পষ্ট ভাষায় বলেন, “যেদিন সকালে উঠে বিরক্ত লাগবে, সেদিনই ক্রিকেট ছেড়ে দেব।” এই বক্তব্যের মধ্যে দিয়ে তাঁর হতাশা আর ক্ষোভ প্রকাশ পেয়েছে।
শেষবার দেশের জার্সি গায়ে দিয়েছিলেন ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরপর দক্ষিণ আফ্রিকা সিরিজ, নিউজিল্যান্ড সিরিজ, টি-২০ বিশ্বকাপের মতো সমুদ্র দিয়ে অনেক জল গড়িয়েছে। কিন্তু দলে আর জায়গা হয়নি ভারতের এই অভিজ্ঞ পেসারের। এবছর ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে ৬৭ টি উইকেট নিয়েছেন। তবু অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির বিবেচনায় আসেননি তিনি।
সম্প্রতি ‘দ্য শুভঙ্কর মিশ্র শো’-তে অবসর প্রসঙ্গে সামি বলেন, ‘এখনও বিরক্ত নই, অলস নই। খেলাটা উপভোগ করছি। ফলাফল ভাল। ইতিবাচক!’ অর্থাৎ দেশের হয়ে খেলতে এখনো তৈরি তিনি। শুধু চাই সুযোগ। এমনই বার্তা উঠে আসে তাঁর মন্তব্যের ভিতর থেকে।
গতবছর সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল এ নামেন তিনি। কিন্তু ফল মোটেও আশাপ্রদ নয়। এবার অবশ্য তাঁকে দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। এই দলে খেলা নিয়ে সামি বলেন, ‘বোলার হিসেবে শতভাগ দেব। দায়িত্ব পালন করব। প্রত্যাশাপূরণের চেষ্টা চালাব। হয়তো ভাগ্য বদলাতে পারব না। কিন্তু মনোভাব আর জেদ দিয়ে যা করার করব। লখনউ আমার উপর বিশ্বাস রেখেছে, আমি সব ফিরিয়ে দেব!’
পডকাস্টে সামির এই মন্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট বার্তা আসে যে, তিনি আগামী দিনেও মাঠে পারফর্ম করবেন। দেশের জন্য খেলতেও প্রস্তুত। শুধু চাই সুযোগ।




















