সপ্তাহান্তে দক্ষিণ কলকাতায় জল সংকট, পুরসভার আগাম সতর্কতা

কলকাতা: সপ্তাহান্তে বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ৷ দক্ষিণ কলকাতার (South Kolkata) নাগরিকদের নিরবচ্ছিন্ন ও নিরাপদ পানীয় জল পরিষেবা নিশ্চিত করতেই গার্ডেনরিচ পাম্পিং স্টেশনে জরুরি রক্ষণাবেক্ষণের…

কলকাতা: সপ্তাহান্তে বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ৷ দক্ষিণ কলকাতার (South Kolkata) নাগরিকদের নিরবচ্ছিন্ন ও নিরাপদ পানীয় জল পরিষেবা নিশ্চিত করতেই গার্ডেনরিচ পাম্পিং স্টেশনে জরুরি রক্ষণাবেক্ষণের কাজ শুরু করছে কলকাতা পুরসভা।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত জল পরিষেবা স্বাভাবিক থাকবে। এরপর থেকেই ধাপে ধাপে জল সরবরাহ বন্ধ করে রক্ষণাবেক্ষণের কাজ চালানো হবে। আগামী ১ ফেব্রুয়ারি সকাল থেকে ফের স্বাভাবিকভাবে পানীয় জল সরবরাহ শুরু হবে। নাগরিকদের অসুবিধা কমাতেই আগাম এই সময়সূচি জানানো হয়েছে বলে জানিয়েছে পুর কর্তৃপক্ষ।

   

গার্ডেনরিচ পাম্পিং স্টেশন দক্ষিণ কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ জল সরবরাহ কেন্দ্র। এই স্টেশনের অধীনে থাকা কালীঘাট, রানিকুঠি, বাঁশদ্রোণী, গড়ফা, চেতলা, গল্ফগ্রিন, লায়েলকা, বেহালা, সিরিটি, দাসপাড়া, গান্ধী ময়দান, সেনপল্লি, প্রফুল্ল পার্ক, পর্ণশ্রী, মেটিয়াবুরুজ ও শকুন্তলা পার্ক বুস্টার পাম্পিং স্টেশন থেকে শনিবার পানীয় জল সরবরাহ করা হবে না।

এর ফলে গার্ডেনরিচ, যাদবপুর, টালিগঞ্জ, কসবা, বেহালা, ঠাকুরপুকুর ও জোকা-সহ দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল পরিষেবা সাময়িকভাবে প্রভাবিত হবে। কোথাও সারাদিন জল বন্ধ থাকতে পারে, আবার কোথাও আংশিকভাবে পরিষেবা চালু থাকবে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, গার্ডেনরিচ পাম্পিং স্টেশন থেকে প্রতিদিন প্রায় ১৭ থেকে ১৮ কোটি গ্যালন পানীয় জল সরবরাহ করা হয়। প্রয়োজনে বিভিন্ন এলাকায় জল ট্যাঙ্কার মোতায়েন করা হবে, যাতে সাধারণ মানুষ সমস্যায় না পড়েন। পাশাপাশি নাগরিকদের কাছে অনুরোধ করা হয়েছে, আগেভাগেই প্রয়োজনীয় জল মজুত করে রাখতে এবং জল অপচয় না করতে।