শীত নেই দক্ষিণে, কুয়াশায় বিপর্যস্ত উত্তরবঙ্গ

কলকাতা: রাজ্যে (Bengal Weather) জাঁকিয়ে শীত এখন ফিকে৷ জাঁকিয়ে শীত আর ফিরবে না বলেই অনুমান আবহাওয়াবিদদের৷ তবে কুয়াশার দাপট আগামী কয়েক দিন বজায় থাকবে বলে…

west-bengal-weather-forecast-today

কলকাতা: রাজ্যে (Bengal Weather) জাঁকিয়ে শীত এখন ফিকে৷ জাঁকিয়ে শীত আর ফিরবে না বলেই অনুমান আবহাওয়াবিদদের৷ তবে কুয়াশার দাপট আগামী কয়েক দিন বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে সকাল থেকে দেখা মিলবে কুয়াশার৷ বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতের উপর দিয়ে অতিক্রম করার ফলেই রাজ্যের আবহাওয়ায় এই পরিবর্তন। তার প্রভাবে পাহাড়ি এলাকাগুলিতে মেঘ জমার প্রবণতা বেড়েছে। দার্জিলিংয়ে তুষারপাত কিংবা হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। একই সঙ্গে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

   

শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে দৃশ্যমানতা নেমে আসতে পারে মাত্র ৫০ মিটার পর্যন্ত। এর ফলে পাহাড়ি রাস্তা ও গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে ব্যাঘাত ঘটতে পারে। শনিবার দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা বহাল থাকবে।

দক্ষিণবঙ্গে শীতের প্রভাব অনেকটাই কমে এসেছে। রবিবারের মধ্যে তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে সেই ঠান্ডা দীর্ঘস্থায়ী হবে না। আগামী সপ্তাহে ফের পারদ ঊর্ধ্বমুখী হবে বলে পূর্বাভাস। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অথবা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকবে।

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াস। রাতের ঠান্ডা অনেকটাই কমেছে। সকালে হালকা শীত অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কার্যত শীত উধাও হয়ে যাবে। উইকেন্ডে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রির মধ্যে ওঠানামা করতে পারে।