কলকাতা: ভোটের আবহে বাংলা রাজনীতি যখন ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে, সম্প্রতি গুজরাটি সম্প্রদায়কে নিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র-র মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। বিশেষ করে কলকাতার ভবানীপুর এলাকায় বসবাসকারী গুজরাটি সম্প্রদায়ের মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
ঘটনার জেরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। গুজরাটি সম্প্রদায়কে নিয়ে মহুয়া মৈত্রের মন্তব্যকে অনেকেই ‘বিতর্কিত’ এবং ‘অপমানজনক’ বলে দাবি করেছেন। এর ফলে শুধু বিরোধীরাই নয়, তৃণমূলের অন্দরেও অস্বস্তি তৈরি হয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত। এই প্রসঙ্গ ঘিরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “আমার গুজরাটি ভাই ও বোনেদের কাছে আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাইছি। আমি আপনাদের জন্য গর্বিত। সংশ্লিষ্ট সাংসদের সঙ্গে এই নিয়ে কথা বলা হয়েছে। আমরা এই মন্তব্যকে অনুমোদন করছি না। এইরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জন্য আমি ক্ষমা চাইছি।”
মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) এই বার্তা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ এর মাধ্যমে তিনি একদিকে যেমন ক্ষুব্ধ গুজরাটি সম্প্রদায়কে আশ্বস্ত করার চেষ্টা করেছেন, তেমনই দলের অবস্থানও স্পষ্ট করেছেন।




















