ভোটের পরেই দিল্লি পাড়ি দিল ‘আম্রপালি’! রংবাজি দেখাবে ‘ম্যাঙ্গো ফেস্টিভ্যালে’

অন্যান্য বছরের তুলনায় এবার উৎপাদন কম, তার মধ্যেও দিল্লীর ‘ম্যাঙ্গো ফেস্টিভ্যালে’ পাড়ি দিচ্ছে ‘বাঁকুড়ার আম’। আগামী ১৬ জুন দিল্লিতে শুরু হওয়া এই মেলায় বাঁকুড়া জেলায় উৎপাদিত ‘আম্রপালি’ সহ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
mango

অন্যান্য বছরের তুলনায় এবার উৎপাদন কম, তার মধ্যেও দিল্লীর ‘ম্যাঙ্গো ফেস্টিভ্যালে’ পাড়ি দিচ্ছে ‘বাঁকুড়ার আম’। আগামী ১৬ জুন দিল্লিতে শুরু হওয়া এই মেলায় বাঁকুড়া জেলায় উৎপাদিত ‘আম্রপালি’ সহ বিভিন্ন জাতের ৭ মেট্রিক টন আম যাবে বলে জেলা উদ্যান পালন দপ্তর সূত্রে জানানো হয়েছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরে আমের বাজারে মালদহ ও মুর্শিদাবাদের একাধিপত্যে ভাগ বসিয়েছে বাঁকুড়া জেলার আম্রপালি। সঙ্গে হিমসাগর, ফজলি, বেগুনফালি আমের সঙ্গে স্বাদে গন্ধে সমানে সমানে টক্কর দিচ্ছে বাঁকুড়ার আম্রপালি। কিন্তু চলতি মরশুমে আবহাওয়ার খামখেয়ালিপনায় আম উৎপাদনে যথেষ্ট ঘাটতি থাকলেও জেলা ও রাজ্যের চাহিদা মিটিয়ে ভিন রাজ্যের আম প্রেমীদের রসনা তৃপ্তির উদ্যোগ নিয়েছে রাজ্য উদ্যান পালন দপ্তর। আর সঙ্গে দিল্লির ‘ম্যাঙ্গো ফেস্টিভ্যালে’ সেরার সেরা স্থান ধরে রাখার চ্যালেঞ্জ তো আছেই।

   

আমচাষি নিত্যানন্দ গড়াই সংবাদমাধ্যমকে বলেন, ”আমার বাগানে ১০০ প্রজাতির আমের গাছ আছে, তবে এবার ৪০ টি প্রজাতির গাছে ফলন এসেছে। তবে জাপানিজ মিয়াজাকি, থাইল্যাণ্ড, বাংলাদেশ সহ দেশী-বিদেশী মিলিয়ে ৩০ টি প্রজাতির আম নিয়ে তিনি ওই মেলায় যাচ্ছেন বলে জানান।”

অন্যদিকে বাঁকুড়া জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক দেবাশীষ মান্না বলেন, ”আগামী ১৬ জুন থেকে ৩০ জুন দিল্লীর ‘ম্যাঙ্গো ফেস্টিভ্যালে’ থাকছে বাঁকুড়ার আম। অন্যান্য বছরের তুলনায় এবার উৎপাদন যথেষ্ট কম হওয়ায় ছ’হাজার হেক্টর জমিতে ২৮ হাজার মেট্রিক টন আম উৎপাদিত হয়েছে, যার মধ্যে দেশী-বিদেশী প্রজাতি মিলিয়ে ৭ মেট্রিক টন আম যাচ্ছে দিল্লীর ওই মেলায়।” তবে গত বছরের মতো এবারও দিল্লীর ম্যাঙ্গো ফেস্টিভ্যালে বাঁকুড়ার প্রথম স্থান অধিকার করবে বলে তিনি যথেষ্ট আশাবাদী বলে জানান।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google