গতবার খুব একটা ভালো পারফরম্যান্স ছিল না চেন্নাইয়িন এফসির। লিগ টেবিলের তলানিতে থেকেই শেষ হয়েছিল ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2026)। যেটা এক কথায় বিরাট বড় ধাক্কা ছিল দলের সমর্থকদের কাছে। সেই হতাশা ভুলে পরবর্তীতে সুপার কাপে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্টের প্রথম ম্যাচেই। প্রি-কোয়ার্টার ফাইনালে শক্তিশালী মুম্বাই সিটি এফসির কাছে পরাজিত হতে হয়েছিল তৎকালীন কোচ ওয়েন কোয়েলের দলকে। সেই সব হতাশা ভুলে শুধরে এই সিজনে সাফল্য পেতে বদ্ধপরিকর দক্ষিণের এই ফুটবল দল। সেইমতো ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছিল চেন্নাইয়িন। দলে আনা হয়েছিল একাধিক তারকা ফুটবলারদের।
তাঁদের নিয়েই ক্লিফোর্ড মিরান্ডার তত্বাবধানে এবারের সুপার কাপে নেমেছিল দল। তবে সেখানেও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি। গ্ৰুপ পর্বেই আটকে যেতে হয়েছিল দক্ষিণের এই দলকে। তারপর ইন্ডিয়ান সুপার লিগে প্রভাব বিস্তার করার পরিকল্পনা থাকলেও এখনও খুব একটা সুবিধা করতে পারেনি দল। ইতিমধ্যেই ৬টি ম্যাচ খেলেছে দক্ষিণের এই আইএসএল জয়ীরা। যার মধ্যে সংগ্রহ হয়েছে মাত্র ৫ পয়েন্ট। যারফলে এখন এগারো নম্বরে রয়েছে অভিষেক বচ্চনের চেন্নাইয়িন। গত মঙ্গলবার নিজেদের ঘরের মাঠে খেলতে নেমেছিল প্রীতম কোটালরা।
যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল আন্তোনিও লোপেজ হাবাসের ইন্টার কাশী দল। সম্পূর্ণ সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় বারাণসীর এই ক্লাব। দলের হয়ে জোড়া গোল করেন আলফ্রেড প্লানাস মোয়া। অন্যদিকে, চেন্নাইয়িন দলের হয়ে ব্যবধান কমান ড্যানিয়েল চিমা চুকু। তবে সেটা ম্যাচের ফেরার জন্য যথেষ্ট ছিল না। উল্লেখ্য, ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুর দিকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন আলফ্রেড। তবে সময়ের সাথে সাথে রাখার চেষ্টা করতে থাকে আলবার্তো নগুয়েরা থেকে শুরু করে ফারুক চৌধুরীরা।
তবে প্রথম গোল হজম করার প্রায় মিনিট আটেকের মধ্যেই দ্বিতীয় গোল হজম করে চেন্নাইয়িন। তারপর সময় এগোনোর সাথে সাথেই ম্যাচের দখল নিতে শুরু করে টুর্নামেন্টের নতুন ক্লাব। কিন্তু অতিরিক্ত সময়ের মধ্যে চিমা চুকু গোল করে ব্যবধান কমালে ও পয়েন্ট ঘরে তোলা সম্ভব হয়নি। আগামী ১১ই এপ্রিল চেন্নাইয়িন এফসির পরবর্তী হোম ম্যাচ। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ক্লাব। সেই ম্যাচের আগে দল যে কিছুটা হলেও ব্যাক ফুটে থাকল তা বলাই চলে।



















