টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে দুর্দান্ত ছন্দে রয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। মাঠে পারফরম্যান্সে আত্মবিশ্বাসী হলেও, দলের অন্দরেই এখন বাড়ছে চিন্তা। চোটের কারণে বিশ্বকাপের আগে দলবদলের সম্ভাবনা তৈরি হয়েছে। আর সেই বদল করতে বাধ্য হতে পারেন কোচ গৌতম গম্ভীর ও নির্বাচকেরা।
সবচেয়ে বড় প্রশ্নচিহ্নটি ওয়াশিংটন সুন্দরের ফিটনেস নিয়ে। এখনও পুরোপুরি সেরে ওঠেননি তিনি। বোর্ড সূত্রে খবর, তাঁর চোট সারতে আরও অন্তত দু’সপ্তাহ সময় লাগতে পারে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে তিনি ম্যাচ ফিট হয়ে উঠবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। এই পরিস্থিতিতে বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তন আনার রাস্তা খোলা রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
বোর্ডের মেডিক্যাল টিম আপাতত সুন্দরকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছে। দু’সপ্তাহ পর তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্বাচকেরা। বিশ্বকাপে তিনি থাকবেন, না কি তাঁর বদলি ঘোষণা করা হবে।
এই অনিশ্চয়তার কারণেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেয়েছেন রবি বিষ্ণই। গুয়াহাটির ম্যাচে সুযোগ কাজে লাগিয়েছেন তিনি। চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট নেওয়ার পাশাপাশি একটি দুর্দান্ত ক্যাচ ধরেও নজর কেড়েছেন। সুন্দরকে শেষ পর্যন্ত খেলানো না গেলে, তাঁর বদলি হিসেবে বিশ্নোইয়ের নামটাই আপাতত এগিয়ে রয়েছে। সেই কারণেই তাঁকে ম্যাচ খেলিয়ে দেখে নেওয়ার পরিকল্পনা করেছে টিম ম্যানেজমেন্ট।
অন্য দিকে, বোর্ড সূত্র জানিয়েছে যে অসমের অলরাউন্ডার রিয়ান পরাগকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। ব্যাটের পাশাপাশি বল হাতেও কার্যকর পরাগ। তবে দীর্ঘ দিন জাতীয় দলে নিয়মিত না থাকায়, তাঁর তুলনায় বিষ্ণইয়ের বিশ্বকাপ দলে ঢোকার সম্ভাবনাই বেশি বলে মনে করছে ক্রিকেট মহল।
চোট-সমস্যা এখানেই শেষ নয়। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচেও খেলতে পারবেন না তিলক বর্মা। বর্তমানে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব চলছে তাঁর। ফলে শেষ দুই ম্যাচেও শ্রেয়স আইয়ারই ভারতীয় দলের মিডল অর্ডারে থাকবেন।
তবে তিলকের বিশ্বকাপে খেলা নিয়ে আশ্বস্ত করেছে বোর্ড। জানা গিয়েছে, তিনি অনুশীলন শুরু করেছেন এবং ধীরে ধীরে ম্যাচ ফিট হয়ে উঠছেন। কোনও রকম ঝুঁকি না নিয়েই তাঁকে প্রস্তুত করা হচ্ছে। বিশ্বকাপের আগে ৩ ফেব্রুয়ারি মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। তার আগেই জাতীয় দলে যোগ দেওয়ার কথা তিলক বর্মার।
সব মিলিয়ে, বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরে আত্মবিশ্বাস থাকলেও, চোট-আঘাতের কারণে শেষ মুহূর্তের বদলের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না গম্ভীরেরা। এখন নজর শুধু সুন্দরের ফিটনেস রিপোর্টের দিকেই।




















