নয়াদিল্লি: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশিকে (Pralhad Joshi)। শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ গ্রহণ করেন। একই সঙ্গে প্রহ্লাদ জোশিকে তাঁর বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়ার ঘোষণা করা হয়।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আসে NEET প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে দেশজুড়ে চলা ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে।
প্রহ্লাদ জোশি কর্নাটকের একজন প্রবীণ বিজেপি নেতা এবং ধারওয়াড় লোকসভা কেন্দ্র থেকে টানা পাঁচবারের সাংসদ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রকের দায়িত্ব সামলেছেন।
বর্তমানে তিনি ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রী এবং নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার সেই দায়িত্বের পাশাপাশি তাঁর হাতে শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্বও তুলে দেওয়া হয়েছে।
Also Read | নাড্ডা বৈঠকে বড় সিদ্ধান্ত! আন্দোলন প্রত্যাহার আরশোলাদের
এর আগে প্রহ্লাদ জোশি কেন্দ্রীয় সরকারের কয়লা, খনি এবং সংসদীয় বিষয়ক মন্ত্রকের দায়িত্বও সামলেছেন। প্রশাসনিক অভিজ্ঞতার কারণেই তাঁকে বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও সরকারি মুখ হিসেবে বিবেচনা করা হয়।
নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে কেন্দ্রের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগাওয়াট নবীকরণযোগ্য ও জীবাশ্ম জ্বালানিমুক্ত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অর্জন এবং ২০৭০ সালের মধ্যে নেট-জিরো নির্গমন লক্ষ্যে কেন্দ্রের পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বে তিনি অন্যতম মুখ।
তাঁর তত্ত্বাবধানে ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন, PM Surya Ghar Muft Bijli Yojana, PM-KUSUM এবং অফশোর উইন্ড এনার্জি প্রকল্প-সহ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি এগিয়েছে। পাশাপাশি প্রতি বছর ৫০ গিগাওয়াট নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতার জন্য দরপত্র আহ্বানের মতো নীতিগত উদ্যোগও তাঁর নেতৃত্বে নেওয়া হয়েছে।
এমন সময়ে প্রহ্লাদ জোশির হাতে শিক্ষা মন্ত্রকের দায়িত্ব এল, যখন NEET-UG বিতর্কের পর দেশের পরীক্ষাব্যবস্থা ও শিক্ষা প্রশাসনে একাধিক সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা চলছে। ফলে শিক্ষা মন্ত্রকের সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁর ভূমিকার দিকে এখন নজর থাকবে।
Also Read | ‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রথম প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের
রাষ্ট্রপতি ভবনের এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবিধানের অনুচ্ছেদ ৭৫(২) অনুযায়ী রাষ্ট্রপতি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ গ্রহণ করেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর পরামর্শে প্রহ্লাদ জোশিকে তাঁর বর্তমান মন্ত্রকগুলির পাশাপাশি শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।





