মালাপ্পুরম: নির্বাচনী প্রচারে গিয়ে কেরলের মালাপ্পুরমে আক্রান্ত কংগ্রেস সাংসদ শশী থারুরের টিমের দুই সদস্য। শুক্রবার সন্ধ্যায় তাঁর কনভয় আটকে চালক ও নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। তবে এই ঘটনায় সাংসদের নিজের কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে।
কী ঘটেছিল?
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ ওয়ান্ডুরের তিরুভালির চেল্লিথোড় সেতুর কাছে। কংগ্রেস নেতা এ পি অনিলকুমারের নির্বাচনী প্রচারে যোগ দিতে যাচ্ছিলেন শশী থারুর। রাস্তাটি অত্যন্ত সঙ্কীর্ণ হওয়ায় থারুরের গানম্যান সামনের একটি গাড়িকে এগিয়ে যেতে বলেন, যাতে কনভয়টি নির্বিঘ্নে পেরোতে পারে। অভিযোগ, সেই সময়ই দুটি গাড়িতে থাকা পাঁচ সদস্যের একটি দল সাংসদের কনভয়ের পথ আটকে দাঁড়ায়। রাস্তা পরিষ্কার করতে গেলে থারুরের গানম্যান ও গাড়িচালককে বেধড়ক মারধর করা হয় বলে পুলিশের কাছে দায়ের হওয়া এফআইআরে (FIR) উল্লেখ করা হয়েছে।
পুলিশের পদক্ষেপ Shashi Tharoor convoy attack
এই ঘটনায় থারুরের নিরাপত্তারক্ষী রতীশ কে পি-র দায়ের করা অভিযোগের ভিত্তিতে ওয়ান্ডুর থানায় মামলা রুজু করেছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে একজনকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
কী বলছেন শশী থারুর?
এই ঘটনার পর সোশ্যাল মিডিয়া ‘এক্স’ (X)-এ একটি পোস্টে নিজের সুরক্ষিত থাকার কথা জানিয়েছেন শশী থারুর। তিনি লেখেন, “গত রাতের অনভিপ্রেত ঘটনার পর আমার নিরাপত্তারক্ষীর ওপর হামলার খবরে আপনারা যেভাবে উদ্বেগ প্রকাশ করেছেন, তাতে আমি সত্যিই আপ্লুত। তিনি ভালো আছেন এবং আমার গায়ে কোনও আঁচড় লাগেনি। সমস্ত বন্ধু ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ।” এই হামলার পরও তাঁরা দমে যাননি এবং পূর্বনির্ধারিত সূচি মেনেই জোড়া প্রচার কর্মসূচি শেষ করেছেন বলেও জানিয়েছেন কংগ্রেস সাংসদ।




















