কলকাতা: বিরতির পর ফের ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ খেলতে নামছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। শনিবার বিকেলে জেআরডি স্পোর্টস কমপ্লেক্স দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচ শুভাশিস বসুদের। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ওয়েন কোয়েলের জামশেদপুর এফসি। বলাবাহুল্য, এবারের এই ফুটবল টুর্নামেন্টে যথেষ্ট ফর্মে রয়েছে ইস্পাত নগরীর এই ক্লাব। বিশেষ করে ইংলিশ কোচ ওয়েন কোয়েল ফিরে আসা যেন নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস যুক্ত করেছে দলের মধ্যে। তার ওপর এবার রয়েছেন মাদিহ তালাল থেকে শুরু করে রাফায়েল মেসি বাউলির মতো ফুটবলার।
তাঁদের দৌলতেই আইএসএলের তৃতীয় ম্যাচে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবকে পরাজিত করেছিল জামশেদপুর। ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে সকলে। অন্যদিকে, মুম্বাই সিটি ম্যাচের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ মেরিনার্সদের। ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে বাগান হেডকোচ সার্জিও লোবেরা (Sergio Lobera) বলেন, ‘ যখন আপনি পরিকল্পিত ফলাফল পান না, তখন ভালো অনুভূতি ফিরে পেতে আপনি অবিলম্বে ম্যাচ খেলতে চান। শেষ ম্যাচটা আমাদের জন্য হতাশাজনক ছিল কারণ আমরা শীর্ষে থাকার সুযোগ পেয়েছিলাম। সেটা কাজে লাগানো সম্ভব হয়নি।’
আরও বলেন, ‘ দলের ভুলগুলো শুধরে নেওয়া আমার দায়িত্ব। এটি ভারতের অন্যতম সেরা ও সফল ক্লাব। সকলের কাছেই প্রত্যাশা অনেক বেশি। আপনি যখন মোহনবাগানে সুযোগ পান, তখন দ্বিতীয় স্থানের কোনও গুরুত্ব থাকে না। আমাদের ট্রফি জিততে হবে। চাপ ভালো এর মানে হলো আপনি বড় লক্ষ্যের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।’ পাশাপাশি জামশেদপুরের হোম ম্যাচ নিয়ে বলেন, ‘জামশেদপুর তাঁদের ঘরের মাঠে সবসময়ই কঠিন প্রতিপক্ষ। আমরা তাঁদের খেলার ধরণ ভালোভাবে লক্ষ্য করেছি। তাছাড়া প্রতিটি অ্যাওয়ে ম্যাচই একটি চ্যালেঞ্জ, কিন্তু আমাদের টার্গেট থাকবে খেলার নিয়ন্ত্রণ রাখা এবং পুরো তিন পয়েন্ট অর্জন করা।’
বলাবাহুল্য, এই ম্যাচ থেকে জয় আসলে নিঃসন্দেহে লিগ টেবিলের শীর্ষস্থানে চলে যাবে মোহনবাগান কিংবা জামশেদপুর। কাজেই এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে ফুটবল প্রেমীরা।


