গালওয়ান সংঘর্ষের পর প্রথম! ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফরে আসছেন জিনপিং

নয়াদিল্লি: গালওয়ান উপত্যকার রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে দ্বিপাক্ষিক সম্পর্কে তলানিতে ঠোকার দীর্ঘ ছয় বছর পর অবশেষে ভারতে পা রাখতে চলেছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী সেপ্টেম্বর…

নয়াদিল্লি: গালওয়ান উপত্যকার রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে দ্বিপাক্ষিক সম্পর্কে তলানিতে ঠোকার দীর্ঘ ছয় বছর পর অবশেষে ভারতে পা রাখতে চলেছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী সেপ্টেম্বর মাসে নতুন দিল্লিতে আয়োজিত হতে চলা ব্রিকস (BRICS) শিখর সম্মেলনে যোগ দিতে তাঁর এই সম্ভাব্য ভারত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, আগামী ১২ থেকে ১৩ সেপ্টেম্বর এই হাই-প্রোফাইল সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পূর্ব লাদাখ সীমান্তে সামরিক উত্তেজনার পর দীর্ঘ বছর ধরে চলা সামরিক অচলাবস্থা এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় এই সফরকে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। প্রসঙ্গত, ২০১৩ সাল থেকে চিনের প্রেসিডেন্টের দায়িত্বে থাকা শি জিনপিং এর আগে তিনবার ভারত সফর করেছেন। তাঁর শেষ ভারত সফরটি হয়েছিল ২০১৯ সালের অক্টোবর মাসে, যার ঠিক পরেই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC) বরাবর সামরিক সংঘাতে দুই দেশের সম্পর্কে গভীর ফাটল ধরেছিল।

Advertisements

চিনা প্রেসিডেন্টের এই প্রস্তাবিত সফরের আগে দুই দেশই কূটনৈতিক যোগাযোগ আরও বাড়াতে চলেছে বলেই খবর। খুব শীঘ্রই উচ্চপর্যায়ের আলোচনার জন্য চিনে যাওয়ার কথা রয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভালের। এছাড়া সীমান্ত বিষয়ক পরামর্শ ও সমন্বয় ব্যবস্থার (WMCC) পরবর্তী বৈঠক এবং দুই দেশের বিশেষ প্রতিনিধিদের (Special Representatives) মধ্যকার সীমান্ত সংক্রান্ত আলোচনাও আগামী দিনে নির্ধারিত রয়েছে। সীমান্ত সংক্রান্ত দীর্ঘস্থায়ী বিরোধ মেটাতে এবং রাজনৈতিক স্তরে আলোচনার পথ প্রশস্ত করতে এই বৈঠকগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই সফর শুধু ব্রিকস সম্মেলনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফ নীতি এবং পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এশিয়া তথা বিশ্বের এই দুই প্রভাবশালী দেশের সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশ নির্ধারণে বড় ভূমিকা নেবে। তবে চিনা প্রেসিডেন্টের এই সফর চূড়ান্ত হওয়া নিয়ে এখনও পর্যন্ত নয়াদিল্লি বা বেজিংয়ের তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

দেশের নেতাদের বিরুদ্ধে ধর্ষণ-খুনের মামলা, তবুও অশ্লীল শব্দ ব্যাবহারে FIR কেন? প্রশ্ন সৌরভের

দুই দেশের সম্পর্ক মধুর করতে ভারত থেকে বাংলাদেশে রফতানি ৬০০ আনারস