নাড়ুর গন্ধে হাতির হানা, সাবাড় করল চাল-ডালও

উত্তরবঙ্গে ফের হাতির হানা৷ রাতের অন্ধকারে খাবারের খোঁজে লোকালয়ে প্রবেশ গজরাজের৷ দোকান সহ বাড়িতে ঢুকে নাড়ু, চাল ও ডাল করল সাবার৷ ঘটনাদুটি ঘটেছে আলিপুরদুয়ারের মাদারিহাট মেঘনাদ সাহা নগরে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
elephant

উত্তরবঙ্গে ফের হাতির হানা৷ রাতের অন্ধকারে খাবারের খোঁজে লোকালয়ে প্রবেশ গজরাজের৷ দোকান সহ বাড়িতে ঢুকে নাড়ু, চাল ও ডাল করল সাবার৷ ঘটনাদুটি ঘটেছে আলিপুরদুয়ারের মাদারিহাট মেঘনাদ সাহা নগরে ও বানারহাট কলোনিতে৷ যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই৷

জানা গিয়েছে, শনিবার গভীর রাতে খাবারের খোঁজে জঙ্গল থেকে বেরিয়ে মাদারিহাট মেঘনাদ সাহা নগরে একটি মুদির দোকানে হানা দেয় হাতি৷ দোকান ভেঙে সাবার করে চাল, ডাল, চিনি সহ অন্যান্য খাদ্যসামগ্রী৷ শুধু তাই নয় দোকানের ভিতরে থাকা ফ্রিজ ও শোকেস ভেঙে গুড়িয়ে দিয়েছে গজরাজ৷

   

রবিবার দোকান খুলতে গিয়ে দোকানদার কেশবলাল শর্মা দেখেন হামলা চালিয়েছে হাতি৷ ঘটনায় ক্ষতিগ্রস্ত কেশবলাল জানান, এই নিয়ে তাঁর দোকান চারবার ভাঙল হাতি৷ কিন্তু বনদফতর কোনও ক্ষতিপূরণ দেয়নি বলে অভিযোগ করেন তিনি৷ লাগাতার হাতির হানায় ক্ষুব্ধ দোকান মালিক সহ স্থানীয় বাসিন্দারা৷

অন্যদিকে, শনিবার রাতেই বানারহাট কলোনির একটি বাড়িতে হানা দেয় হাতি৷ টিনের বাড়ি ভেঙে সাবার করে ঘরে থাকা আনাজ ও নাড়ু৷ এদিন মোরাঘাট জঙ্গল থেকে এক পাল হাতি বেরিয়ে ১৭নং জাতীয় সড়ক পার করে লোকালয়ে চলে আসে৷ সেখান থেকেই একটি হাতি বানারহাট ২ নং কলোনীর বাসিন্দা ননী গোপাল মোহন্তর বাড়িতে ঢুকে পরে৷

সেই সময়ে রান্না ঘরে চলছিল নাড়ু বানানোর কাজ৷ গন্ধ পেয়ে নাড়ুর লোভেই হাতিটি টিনের বেড়া ভেদ করে আধা ইটের দেওয়াল ভেঙে ঘরে ঢুকে পরে৷ ঘরের মধ্যে এই বিশাল হাতিকে দেখে চিৎকার শুরু করেন পরিবারের সদস্যরা৷ কোনও রকমে পালিয়ে প্রাণ বাঁচাতে সক্ষম হন তাঁরা৷ স্থানীয়রা বনদফতরে খবর দেয়৷ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে তাড়িয়ে ফের জঙ্গলে পাঠিয়ে দেয়৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google