
Kolkata, May 1: ক্রিকেট অনুরাগীদের কাছে আইপিএল যেন এক জাঁকজমকপূর্ণ উৎসব। আইপিএল মানে অতীব মনোরঞ্জন। আর এই মনোরঞ্জনের ভার শুধু ব্যাটসম্যান বা বোলারদের নয়, চিয়ারলিডারদেরও। এবার এই চিয়ারলিডারদের দেখা গেল লোহার খাঁচায় বন্দি অবস্থায়। কেন এই পদক্ষেপ?
গত ২৬ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে উত্তরপ্রদেশের একানা স্টেডিয়ামে এই দৃশ্য চোখে পড়ে। এই মাঠে চিয়ারিলডার মেয়েদের লোহার খাঁচায় বন্দি অবস্থায় দেখা যায়। সেখানেই তাঁরা বাউন্ডারি, ওভার বাউন্ডারি এবং আউটের উদযাপন করে।
আরও পড়ুন: ঘরের মাঠে গুজরাটের জয়, শীর্ষে উঠতে পারল না বেঙ্গালুরু
এই কড়া সিদ্ধান্তের কারণ হিসেবে বলা হয়েছে দর্শকদের অশালীন আচরণের কথা। স্টেডিয়ামে এমন কিছু মানুষ খেলা দেখতে আসেন যারা শুধু খেলা উপভোগ করেন না। অনেক সময় অতিরিক্ত উচ্ছ্বাসে চিয়ারলিডারদের প্রতি খারাপ আচরণও করেন। এক দর্শক নাকি একবার কাগজে ফোন নম্বর লিখে তাদের দিকে ছুঁড়ে দিয়েছিল। এরপর নিরাপত্তাকর্মীরা লোহার জাল বসানোর সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: ফাস্ট বোলার গড়ার বড় উদ্যোগ ! প্রজেক্ট ‘গতিতে’ গতি পাবে বাংলার ক্রিকেট?
খেলার মাঠে দর্শকদের অতিরিক্ত উচ্ছ্বাসে অশালীন আচরণ কোনো নতুন বিষয় নয়। কাগজ, বোতল অনেক কিছুই ছুঁড়ে দেয় মাঠের দিকে। অনেকে এই ব্যবহারের নিন্দা করে বলেছেন, “চিয়ারলিডার নয়, অসভ্য দর্শকদেরই জালের ভেতর রাখা উচিত ছিল।” আবার কেউ বলেন, “মাঠে মানুষ ক্রিকেট দেখতেই আসে। এ ধরনের আচরণ লজ্জাজনক ও অগ্রহণযোগ্য।” মাঠ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে সমর্থন করে কেউ বলেন, “চিয়ারলিডারদের নিরাপত্তার জন্য হলে এ সিদ্ধান্ত ঠিক।”












