Kolkata, May 20: আইপিএল ২০২৬ এখন প্রায় সমাপ্তির কাছাকাছি। এই মুহূর্তে শেষ চারের চতুর্থ স্থানের জন্য লড়াই করছে বাকি দলগুলো। তারই একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল কেকেআর। এদিন বৃষ্টিও কলকাতার জয়ের মুখে বাধা হয়ে দাঁড়াতে পারল না। ৭ বল বাকি থাকতেই ৪ উইকেটে ম্যাচটি জিতে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল নাইটরা। এই জয়ের পর তারা ১৩ পয়েন্ট নিয়ে উঠে এল ষষ্ঠ স্থানে।
ঘরের মাঠে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কলকাতা। মুম্বইয়ের ব্যাটিং ইনিংসের ঠিক ৮ ওভার পর বৃষ্টির কারণে ম্যাচটি স্থগিত করা হয়। তখন ভয় হয় ম্যাচটি ভেস্তে যাবে না তো! এই ম্যাচ থেকে ১ পয়েন্ট নিলে কোনো লাভ হবে না নাইটদের। আজ তাদের উল্লেখযোগ্য নেট রান রেট সহ ২ পয়েন্ট চাই।
কিন্তু বৃষ্টি এই ম্যাচের খুব একটা বিঘ্ন ঘটাতে পারেনি। কিছুক্ষণ বিলম্বের পর, ওভারের সংখ্যা না কমিয়েই রাত ৯:১৫ মিনিটে কভার সরানো হয় এবং খেলা পুনরায় শুরু হয়। মুম্বই ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে, যা প্রতিপক্ষের রান তাড়া করার জন্য খুব একটা বেশি নয়। আসলে ছন্দহীন মুম্বইকে আজ জেগে উঠতে দেয়নি কলকাতার বোলাররা। কোনো ব্যাটার এককভাবে ৪০ রানও তুলতে পারেনি।
জবাবে রান তাড়া করতে নেমে নেট রান রেটের কথা মাথায় রেখে আগ্রাসী মেজাজেই খেলতে থাকে কেকেআর। দলের জয়ে প্রধান ভূমিকা নেন মণীশ পান্ডে (৪৫)। এছাড়া তাঁকে সঙ্গ দেন রভম্যান পাওয়েল (৪০)।
প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক রাহানেও ২১ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। টার্গেট কম থাকায় খুব সহজেই জয় হাসিল করে কেকেআর।
আজ বোলিংয়েও এগিয়ে ছিল কলকাতা। ২টি করে উইকেট তুলেছেন সৌরভ দুবে, ক্যামেরন গ্রিন, কার্তিক ত্যাগী। ১টি গুরুত্বপূর্ণ উইকেট নেন সুনীল নারিন। উল্টোদিকে ৭জনকে দিয়ে বল করিয়েও লাভ হয়নি মুম্বইয়ের। তবে একা হাতে ৩টি বিশেষ উইকেট শিকার করেন করবিন বশ। ১টি করে উইকেট নিয়েছেন দীপক চাহার, জসপ্রীত বুমরাহ, এ গাজানফার।




















