সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত বৃহস্পতিবার নিজেদের ঘরের মাঠে আইএসএলের পরবর্তী হোম ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল ক্লাব। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। সম্পূর্ণ সময়ের শেষে অমীমাংসিত ফলাফলে শেষ হয় সেই ম্যাচ। বলাবাহুল্য, প্রথম থেকেই এই ম্যাচে পিছিয়ে থাকলেও সময়ের সাথে সাথেই ম্যাচে ফিরেছিল অস্কার ব্রুজোর ছেলেরা। যারফলে পয়েন্ট ভাগাভাগি করতে খুব একটা অসুবিধা হয়নি। তাছাড়া পিছিয়ে পড়া ইস্টবেঙ্গল ফুটবল দল যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বহুদিন পর তার সাক্ষী থেকেছে যুবভারতী ক্রীড়াঙ্গন।
তবে সেই ম্যাচের প্রথমার্ধেই দশজনে হয়ে গিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। একুশ মিনিটের মাথায় আনোয়ার আলি গোল শোধ করে ফেলার পর মাত্র দুই মিনিটের ব্যবধানে ম্যাচ রেফারির সিদ্ধান্ত অনুযায়ী লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফেরেইরাকে। যা কিছুটা হলেও চমকে দিয়েছিল সকলকে। পরবর্তীতে জানা যায় যে বিপক্ষ দলের সহকারী কোচের তরফ থেকে উঠে আসা মন্তব্যতেই প্রতিক্রিয়া দেখায় লাল-হলুদের এই দাপুটে ফুটবলার। পরবর্তীতে হাতাহাতির পরিস্থিতি ও তৈরি হয়। যারফলে শেষ পর্যন্ত লাল কার্ড দেখান ম্যাচ রেফারি।
আরও পড়ুন: গ্রাম থেকে ইস্টবেঙ্গল জার্সি, মন্দিরার স্বপ্নপূরণের অনুপ্রেরণার গল্প
দশজনে হয়ে গেলেও গোটা ম্যাচ জুড়ে তুল্যমূল্য লড়াই করে ইস্টবেঙ্গল। পরবর্তীতে আরও দুইবার পিছিয়ে যেতে হলেও সাউল ক্রেসপো থেকে শুরু করে অ্যান্টন সোজবার্গদের দৌলতে ম্যাচে ফিরে আসে লাল-হলুদ ব্রিগেড। যারফলে হেরে যাওয়া ম্যাচ থেকে ও পয়েন্ট আসে ইস্টবেঙ্গলের ঝুলিতে। তবে রেফারিং নিয়ে বিতর্ক থেকেই যাচ্ছে। এসবের মাঝেই উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। জানা গিয়েছে, মিগুয়েলের লাল কার্ড ইস্যু নিয়েই এবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে আপিল করেছে ময়দানের এই প্রধান।
সেক্ষেত্রে আদৌও এই তারকা ফুটবলারের শাস্তি কমানো হয় কিনা সেটাই দেখার বিষয়। তবে রেফারির আগের সিদ্ধান্ত বহাল থাকলে দলের পারফরম্যান্সে যে প্রভাব পড়বে সেই নিয়ে কোনও সন্দেহ নেই।




















