সায়ন সেনগুপ্ত, কলকাতা: অবশেষে সাত ম্যাচ পর পয়েন্ট পেল মহামেডান স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সূচি অনুযায়ী এদিন সন্ধ্যায় কলিঙ্গ স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগের অ্যাওয়ে ম্যাচে নেমেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল ওডিশা এফসি। সম্পূর্ণ সময়ের শেষে ১-১ গোলের অমীমাংসিত ফলাফলে শেষ হয় এই ম্যাচ। এদিন ওডিশার হয়ে গোল করেন ভিপি সুহের। অন্যদিকে, মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে গোল করেন অ্যাডিসন সিং। বলাবাহুল্য, বহু প্রতিক্ষার অবসান ঘটিয়ে আজ শূন্যের গন্ডি টপকে এক পয়েন্ট পেল সাদা-কালো ব্রিগেড।
আরও পড়ুন: গ্রাম থেকে ইস্টবেঙ্গল জার্সি, মন্দিরার স্বপ্নপূরণের অনুপ্রেরণার গল্প
যারফলে কিছুটা হলেও হয়তো হতাশা কাটবে মহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকদের। দেশীয় ফুটবলারদের নিয়ে অ্যাওয়ে ম্যাচে এমন পারফরম্যান্স নিঃসন্দেহে খুশি করেছে বাংলার ফুটবলপ্রেমীদের। বলাবাহুল্য, ইন্টার কাশী ম্যাচের হতাশা কাটিয়ে আজ প্রথম থেকেই ম্যাচে প্রভাব বিস্তার করার পরিকল্পনা ছিল মেহেরাজুদ্দিন ওয়াডুর ছেলেদের। তবে গোল হজম করতে হয়েছিল ম্যাচের প্রথমার্ধের তৃতীয় কোয়ার্টারে। ভিপি সুহেরের দৌলতে নিজেদের ঘরের মাঠে এগিয়ে গিয়েছিল জগন্নাথের রাজ্যের এই ফুটবল দল। তারপর ও বেশকিছু সুযোগ এসেছিল তাঁদের কাছে।
আরও পড়ুন: কেরালা ব্লাস্টার্সের দায়িত্বে আসতে পারেন এই প্রাক্তন ফুটবলার
কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। যারফলে প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে ছিল ওডিশা এফসি। তবে দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই গোল করে দলকে সমতায় ফেরান অ্যাডিসন। যারফলে ৫৭ মিনিটের মাথায় তাঁর গোল স্বস্তি আনে মহামেডান স্পোর্টিং শিবিরে। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত অমীমাংসিত ফলাফল থাকার পর অতিরিক্ত পাঁচ মিনিট সময় সংযুক্ত করেছিলেন ম্যাচ রেফারি। তবে বদলায়নি ফলাফল। যারফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ল দুই শিবির।




















