আজ (৮ এপ্রিল) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2026) ১৪তম ম্যাচ দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটান্স। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে সন্ধ্যে ৭:৩০ মিনিটে মহারণে নামবে এই দুই প্রতিদ্বন্দ্বী।
আইপিএল ২০২৬-এ এখনো পর্যন্ত তিনটি ম্যাচ খেলে ফেলেছে গুজরাট। তবুও জয় অধরা। গুজরাট শিবিরে ছন্দের অভাব স্পষ্ট। ধুঁকছে ব্যাটিং টপ অর্ডার। মিডল অর্ডারও প্রভাবশালী নয়। বোলিংও নিষ্প্রভ। গত ম্যাচে আবার অধিনায়ক শুভমান খেলেননি। তার অভাব বোধ হয়েছে মাঠে। সেদিনের অধিনায়ক রশিদ খান অনেক চেষ্টা করেও দলকে জেতাতে ব্যর্থ। এমতাবস্থায় দিল্লির বিরুদ্ধে এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুজরাটের কাছে।
উল্টোদিকে দুরন্ত ছন্দে রয়েছে দিল্লি শিবির। পরপর দুই ম্যাচেই সফল অধিনায়ক অক্ষর প্যাটেল। ব্যাট হাতে সমীর রিজভি অভাবনীয়। এছাড়া বাকিরাও রান পাচ্ছেন। পাশাপাশি বোলিংয়েও সমতা রয়েছে দিল্লি শিবিরে। তাই দিল্লি চাইবে তাদের জয়ের এই ধারা বজায় রেখে মরসুমে আধিপত্য বিস্তার করতে।
রেকর্ড অনুযায়ী, আইপিএলে মোট ৭ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। যার মধ্যে ৪টি জিতেছে গুজরাট এবং ৩টি জিতেছে দিল্লি। এই পরিসংখ্যান অবলছে, এ লড়াইয়ে গুজরাট কিছুটা এগিয়ে। মুখোমুখি লড়াইয়ে দিল্লির বিরুদ্ধে জয়ের এই ধারা গুজরাট বজায় রাখতে পারে কি না সেটাই দেখার।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ:
অক্ষর প্যাটেল (অধিনায়ক), কে এল রাহুল (উইকেটরক্ষক), পাথুম নিসানকা, নিতিশ রানা, ট্রিস্টান স্টাবস, ডেভিড মিলার, বিপ্রজ নিগম, লুঙ্গি এনগিদি, কুলদীপ যাদব, টি নাটরাজন, মুকেশ কুমার।
ইমপ্যাক্ট প্লেয়ার: সমীর রিজভি
গুজরাট টাইটান্স সম্ভাব্য একাদশ:
শুবমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), সাই সুদর্শন, ওয়াশিংটন সুন্দর, গ্লেন ফিলিপস, রাহুল তেওয়াতিয়া, রাশিদ খান, কাগিসো রাবাডা , অশোক শর্মা, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা।
ইমপ্যাক্ট প্লেয়ার: এম শাহরুখ খান।
উল্লেখ্য, গত দুই ম্যাচের মতো এই ম্যাচেও রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ বিকেলে এবং সন্ধ্যার দিকে দিল্লির আকাশ মেঘলা থাকবে এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। যা খেলার স্বাভাবিক গতিকে নষ্ট করতে পারে।




















