সূচি অনুযায়ী আজ বেঙ্গল সুপার লিগের (BSL) প্রথম লেগের সেমিফাইনাল খেলতে নেমেছিল নর্থ ২৪ পরগনা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল জেএইচআর রয়্যাল সিটি। সম্পূর্ণ সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে গৌতম ঘোষের ছেলেরা। যেটা নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন যুক্ত করবে দলের সকল ফুটবলারদের। উল্লেখ্য, এদিন দুপুরে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল গ্ৰাউন্ডে প্রথম সেমিফাইনালে নেমেছিল নর্থ ২৪ পরগনা। টুর্নামেন্ট জুড়ে অনবদ্য পারফরম্যান্স করার পর আজকের এই ম্যাচ নিয়ে ও ব্যাপক প্রত্যাশা ছিল সকলের।
তবে চ্যাম্পিয়নশিপের লড়াই যে সহজ নয় সেটা বলাই চলে। তাই সবদিক মাথায় রেখেই দল সাজিয়েছিল উভয় দল। হাড্ডাহাড্ডি লড়াই চললে ও প্রথমার্ধে গোলের দেখা মেলেনি। অমীমাংসিত প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের মুখ খুলতে মরিয়া হয়ে উঠেছিল দুই শিবির। শেষ পর্যন্ত বাজিমাত করে নর্থ ২৪ পরগনা। ম্যাচের ৬৩ মিনিটের মাথায় গোল করেন আইদারা শেরিফ। পেনাল্টি থেকে তাঁর গোল নিঃসন্দেহে জয়ের পথ প্রশস্ত করে এই ফুটবল দলের। প্রতিপক্ষের গোলরক্ষক হাত দিয়ে বল আটকানোর চেষ্টা করলেও কাজের কাজ কিছুই হয়নি।
যদিও রেফারির এমন সিদ্ধান্ত ভালোভাবে নেননি প্রতিপক্ষ দলের কোচ সাহিদ রমন। যদিও এই সমস্ত বিষয়গুলিকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ গৌতম ঘোষ। বরং পরবর্তী ম্যাচ নিয়ে নিজের পরিকল্পনা সাজাতে চান তিনি। এখন জয়ের ধারা অব্যাহত রাখাই মূল চ্যালেঞ্জ সকলের কাছে।




















