পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ কল্যাণীর বুকে আয়োজিত হচ্ছে বেঙ্গল সুপার লিগের ফাইনাল (BSL Final)। যেখানে হোসে ব্যারেটোর হাওড়া-হুগলি ওয়ারিয়র্সের বিপক্ষে লড়াই করছে জেএইচ আররয়্যাল সিটি এফসি। ইতিমধ্যেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ। যেখানে বজায় রয়েছে ১-১ গোলের অমীমাংসিত ফলাফল। এদিন প্রথমেই হাওড়া হুগলি দলকে এগিয়ে দিয়েছিলেন শিলা টোরে। পরবর্তীতে সুখচাঁদ কিসকুর গোলে সমতা ফেরায় সাহিদ রমনের জেএইচআর রয়্যালস ফুটবল দল।
বলাবাহুল্য, এদিন প্রথমার্ধ জুড়ে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে উভয় দলের মধ্যে। ম্যাচের বয়স বাড়ার সাথে সাথেই ক্রমশ আক্রমণাত্মক হয়ে ওঠে জেএইচআর রয়্যালস দলের ফুটবলাররা। প্রথম কোয়ার্টারের মধ্যেই হাওড়া হুগলি দলের রক্ষণভাগে ঢুকে গোল পাওয়ার মতো পরিস্থিতি তৈরি করে ফেলেছিলেন সলমন সহ অরলিয়ানো প্যারেইরা। কিন্তু সুযোগের সৎ ব্যবহার করা সম্ভব হয়নি। পরবর্তীতে নিজেদের দুই ফুটবলারকে পরিবর্তন করেন জেএইচআর রয়্যাল সিটি। তারপর আরও যেন ভয়ঙ্কর হয়ে ফুটবল দল। কিন্তু গোলের মুখ খুলছিল না কিছুতেই।
তারপর ৩৪ মিনিটের মাথায় আসে সেই মাহেন্দ্রক্ষণ। যেখানে শিলা টোরের গোলে এগিয়ে যায় হোসে ব্যারেটোর হাওড়া-হুগলি ওয়ারিয়র্স। এই গোলের পর থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে ফুটবল খেলতে শুরু করে হাওড়া-হুগলি দলের ফুটবলাররা। নির্ধারিত ৪৫ মিনিট পর্যন্ত ফলাফল প্রায় একই থাকলে ও অতিরিক্ত সময়ের মধ্যেই গোল করে দলকে সমতায় ফেরান পঁচিশ নম্বর জার্সিধারী ফুটবলার সুখচাঁদ কিসকু। এই অনবদ্য কামব্যাক নিঃসন্দেহে মনোবল বাড়াবে দলের খেলোয়াড়দের।




















