কলকাতা: বাংলার বিধানসভা নির্বাচনের উত্তাপ বাড়ছে দিনের পর দিন। (Arjun Singh)আজ বৃহস্পতিবার দ্বিতীয় এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি। দীর্ঘ ১০ বছর পর বিধানসভা নির্বাচনে লড়ছেন বিজেপি নেতা অর্জুন সিং। নোয়াপাড়া কেন্দ্র থেকে এবারের বিধানসভায় লড়বেন তিনি। এবারে নোয়াপাড়ায় তার বিপক্ষ তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং বাম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়।
দীর্ঘ ১০ বছর আগে ঘাসফুল জার্সি গায়ে চাপিয়ে অর্জুন সিং বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন ভাটপাড়া কেন্দ্র থেকে। সেই নির্বাচনে জয়ী হয়েছিলেন অর্জুন। সেই জয় ছিল অর্জুনের টানা ৪ বারের জয়। এরপর ২০২৪ এ আবারও লোকসভা নির্বাচনে বিজেপির গেরুয়া জার্সি গায়ে দিয়ে প্রার্থী হয়েছিলেন তিনি। তবে বিশেষ সুবিধা করতে পারেন নি। তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের কাছে হেরে যেতে হয় তাকে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, অর্জুন সিং-এর দীর্ঘ অভিজ্ঞতা, সংগঠন দক্ষতা এবং এলাকায় তাঁর ব্যক্তিগত প্রভাব সব মিলিয়ে তিনি এই কেন্দ্রে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম। তবে বার বার তার দলবদল এবং ২০২৪ এর পরাজয়ের প্রভাব এবারের নির্বাচনেও পড়তে পারে বলেও তারা মনে করছেন । তবে প্রতিপক্ষও কম শক্তিশালী নয়। তৃণমূল ও বাম দুই শিবিরই এই কেন্দ্রে জয়ের জন্য মরিয়া।
এছাড়াও, ভোটের আগে রাজ্যের রাজনৈতিক আবহ এমনিতেই উত্তপ্ত। দলবদল, প্রার্থী নির্বাচন এবং প্রচারের ভাষা সব কিছু মিলিয়ে এক হাইভোল্টেজ পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু নোয়াপাড়া নয় ভাটপাড়াতেও বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন অর্জুন পুত্র পবন সিং। প্রার্থী তালিকা ঘোষণা হতেই রাজনৈতিক মহলে গুঞ্জন, ভাটপাড়া এবং নোয়াপাড়ার মত কেন্দ্রে অর্জুনের যথেষ্ট প্রভাব আছে।
সেই তুলনায় তৃণমূলের তৃণাঙ্কুর যুবনেতা হিসেবে পরিচিত, কোনও হেভিওয়েট নয়। সবচেয়ে বড় কথা GTA শিক্ষক দুর্নীতি মামলায় চার্জশিটে অভিযুক্তদের তালিকায় তৃণাঙ্কুরের নাম রয়েছে। তাই এই কেন্দ্রেও তৃণমূল প্রার্থীর তুলনায় বিজেপি প্রার্থী অর্জুনকেই এগিয়ে রাখছেন রাজনৈতিক মহলের একাংশ।




















