আশিসের ধাক্কা সামাল দিতে এই প্রাক্তন শিষ্যকে দলে টানল বাগান কোচ

আইএসএলের নতুন মরসুম শুরু হওয়ার ঠিক আগেই বড় ধাক্কা খেয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। ১৪ ফেব্রুয়ারি যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে অভিযান শুরুর আগে অনুশীলনে হ্যামস্ট্রিংয়ে চোট ...

By Subhasish Ghosh

Published:

Follow Us
amey-ranawade-join-mohun-bagan-isl-transfer-news

আইএসএলের নতুন মরসুম শুরু হওয়ার ঠিক আগেই বড় ধাক্কা খেয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। ১৪ ফেব্রুয়ারি যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে অভিযান শুরুর আগে অনুশীলনে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে পুরো মরসুম থেকেই ছিটকে গিয়েছেন নির্ভরযোগ্য ডিফেন্ডার আশিস রাই। সবুজ-মেরুন ব্রিগেডের রক্ষণে তৈরি হওয়া সেই শূন্যতা ভরাট করতেই দ্রুত সিদ্ধান্ত নিল ক্লাব কর্তৃপক্ষ। আশিসের পরিবর্ত হিসেবে দলে নেওয়া হল আমে রানওয়াড়েকে।

২৮ বছর বয়সি মহারাষ্ট্রের এই রাইট ব্যাকের সঙ্গে মোহনবাগানের চুক্তি হয়েছে ২০২৫-২৬ সিজনের শেষ পর্যন্ত। সোমবার থেকেই দিমিত্রি পেত্রাতোস, জেমি ম্যাকলারেন, আলবার্তো রডরিগেজ, টম অলড্রেডদের সঙ্গে অনুশীলনে নামবেন আমে। তাঁর যোগদানে লোবেরার দলের রক্ষণ যে আরও শক্তিশালী হল, তা বলাই যায়।

   

ব্যাট-বলের দাপটে আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের

সবুজ-মেরুন সমর্থকদের কাছে আমে একেবারে নতুন নাম নন। সার্জিও লোবেরার কোচিংয়েই মুম্বই সিটি এফসি ও ওডিশা এফসিতে খেলেছেন তিনি। মুম্বই সিটির শিল্ডজয়ী দলেও ছিলেন এই ডিফেন্ডার। এছাড়াও এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্স ও বেঙ্গালুরু ইউনাইটেডের মতো ক্লাবের জার্সিতে আইএসএল ও ঘরোয়া ফুটবলে নিজের পরিচয় তৈরি করেছেন আমে।

২০১১ সালে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এলিট অ্যাকাডেমি থেকে পেশাদার কেরিয়ার শুরু করেন তিনি। অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ ভারতীয় দলের হয়েও নজরকাড়া পারফরম্যান্স রয়েছে তাঁর ঝুলিতে। অভিজ্ঞতা ও লোবেরার ফুটবল দর্শনের সঙ্গে পরিচিত থাকার সুবাদে আমের উপরই ভরসা রাখছে মোহনবাগান শিবির।

এদিকে, দু’দিন আগেই সাংবাদিক সম্মেলনে নতুন হেড কোচ সের্জিও লোবেরা আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছিলেন, “অন্যতম নয়, মোহনবাগানই দেশের সেরা দল।” তাঁর এই মন্তব্যের পর সমর্থকদের মধ্যে ট্রফি ধরে রাখার স্বপ্ন আরও জোরালো হয়েছে। যদিও আশিস রাইয়ের মতো ফুটবলারের অভাব পূরণ করা সহজ কাজ নয়, তবু সেই চ্যালেঞ্জ গ্রহণ করতেই প্রস্তুত আমে রানওয়াড়ে।

উল্লেখ্য, আইএসএল সূচি প্রকাশের সঙ্গে সঙ্গেই ১৪ ফেব্রুয়ারির মোহনবাগান সুপার জায়ান্ট বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচের অনলাইন টিকিট বিক্রি শুরু হয়ে যাচ্ছে। রবিবার রাত থেকেই সবুজ-মেরুন সমর্থকরা টিকিট সংগ্রহ করতে পারবেন। নতুন মরশুমের শুরুতেই যুবভারতীতে ফুটবল-উৎসব অপেক্ষা করছে, তা বলাই বাহুল্য।

ভিডিও নিউজ দেখুন

Subhasish Ghosh

[email protected]

Follow on Google