ফুটবলে লক্ষ্মীলাভ! স্পোর্টর‍্যাডারের সঙ্গে ৫৭ কোটির মেগা ডিল আইএসএলের

ভারতীয় ফুটবলের ফ্র্যাঞ্চাইজি লিগে এবার আক্ষরিক অর্থেই এক নতুন যুগের সূচনা হতে চলেছে। ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL) এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) দীর্ঘ চুক্তির…

isl-signs-rs-57-crore-sportradar-deal-new-era-begins

ভারতীয় ফুটবলের ফ্র্যাঞ্চাইজি লিগে এবার আক্ষরিক অর্থেই এক নতুন যুগের সূচনা হতে চলেছে। ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL) এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) দীর্ঘ চুক্তির মেয়াদ শেষের পর, ২০২৬-২৭ মরসুম থেকে সম্পূর্ণ ক্লাব-মডেল-এ পথ চলা শুরু করছে ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। আর সেই নতুন অধ্যায়ের শুরুতেই এক বিশাল আর্থিক চুক্তির চমক দিল ক্লাবগুলি। আগামী চার বছরের জন্য সুইস স্পোর্টস টেকনোলজি জায়ান্ট স্পোর্টর‍্যাডার-এর সঙ্গে প্রায় ৫৭ কোটি টাকার (৬ মিলিয়ন মার্কিন ডলার) এক মেগা চুক্তি স্বাক্ষর করল আইএসএল।

জানা গিয়েছে, এই বহু প্রতীক্ষিত চুক্তির ফলে ২০২৯-৩০ মরসুম পর্যন্ত আইএসএলের অফিসিয়াল ডেটা এবং ইন্টিগ্রিটি পার্টনার হিসেবে নিজেদের কাজ চালিয়ে যাবে স্পোর্টর‍্যাডার। আর্থিক দিক থেকে বিচার করলে, এই চুক্তি নিঃসন্দেহে ক্লাবগুলিকে বড়সড় অক্সিজেন জোগাবে। পরিসংখ্যান বলছে, নতুন এই চুক্তির ফলে প্রতি মরসুমে লিগের ঘরে ঢুকবে প্রায় ১৫ কোটি টাকা (১.৫ মিলিয়ন মার্কিন ডলার)। তাৎপর্যপূর্ণভাবে, ২০২৪-২৫ মরসুমের চুক্তির তুলনায় এবারের চুক্তিমূল্য এক ধাক্কায় প্রায় ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে!

Advertisements

খালি পায়ে ইতিহাস, ১১৫ বছর পরেও অমর মোহনবাগান দিবসের গৌরব

ক্লাব পরিচালিত নতুন মডেলে এটি আইএসএলের দ্বিতীয় বড় বাণিজ্যিক সাফল্য। চলতি মাসের শুরুতেই স্বনামধন্য ভিডিও গেম প্রস্তুতকারক সংস্থা ইএ স্পোর্টস-এর (EA Sports) সঙ্গেও চার বছরের লাইসেন্সিং চুক্তি সেরে ফেলেছিল ক্লাবগুলি। যার ফলে ‘ইএ স্পোর্টস এফসি’ ফ্র্যাঞ্চাইজিতে আইএসএল-এর উপস্থিতি অটুট থাকছে।

২০০১ সালে প্রতিষ্ঠিত সুইজারল্যান্ড-ভিত্তিক স্পোর্টর‍্যাডার বিশ্বজুড়ে ক্রীড়া প্রযুক্তি, রিয়েল-টাইম ডেটা এবং বেটিং দুনিয়ায় এক অত্যন্ত নির্ভরযোগ্য নাম। ফিফা, উয়েফা থেকে শুরু করে এনবিএ, এনএফএল-এর মতো বিশ্বের তাবড় ক্রীড়া সংস্থাগুলির সঙ্গে তারা নিবিড়ভাবে যুক্ত। বেটিং বাজারে কড়া নজরদারি চালানো, সম্ভাব্য ম্যাচ গড়াপেটা রুখতে এবং খেলার সর্বাঙ্গীণ স্বচ্ছতা বজায় রাখতে তাদের জুড়ি মেলা ভার।

ফুটবলে রাজনীতির থাবা! রাশিয়ার সংস্থার চুক্তিতে বিতর্ক, ইতালির কোচে না আন্দ্রেয়া পিরলোর

আগামী অক্টোবর মাসের শুরুতে কিক-অফ হতে চলেছে আইএসএলের নতুন মরসুম। তার আগে স্পোর্টর‍্যাডার এবং ইএ স্পোর্টসের এই জোড়া চুক্তি প্রমাণ করে দিল, বাণিজ্যিক দিক থেকে আইএসএলকে এক অন্য উচ্চতায় নিয়ে যেতে ঠিক কতটা বদ্ধপরিকর ফ্র্যাঞ্চাইজিরা। অক্টোবরের মেগা কিক অফের আগে ভারতীয় ফুটবলের গ্ল্যামার লিগে এখন শুধুই কোটি টাকার ঝনঝনানি, আর নতুন ইতিহাস গড়ার অপেক্ষা!