কলকাতা: তৃণমূলে বিদ্রোহের আগুন জ্বলছে। (Arjun Singh)তৃণমূল কংগ্রেসের অন্দরে চলতে থাকা রাজনৈতিক টানাপোড়েনের আবহে ফের নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি দলের বিদ্রোহী শিবিরের সঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করার পর থেকেই তিনি একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁর ক্ষোভ প্রকাশ্যে আসার পর এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন রাজ্যের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং।
এই পরিস্থিতিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন। তিনি বলেন, কল্যাণ অত্যন্ত ক্ষুব্ধ অবস্থায় রয়েছেন। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় লড়াই করলেও সেই সংক্রান্ত পাওনা অর্থ এখনও মেটানো হয়নি। অর্জুন সিংয়ের কথায়, “তিনি অনেক মিথ্যা মামলার বিরুদ্ধে লড়েছেন। কিন্তু সেই মামলাগুলোর বিল এখনও বকেয়া রয়েছে। এখন তিনি বুঝতে পারছেন যে সেই টাকা আর পাওয়া যাবে না। তাই নতুন রাজনৈতিক পরিস্থিতিতে নিজেকে আলাদা করে তুলে ধরার চেষ্টা করছেন।”’
আরও দেখুনঃ বাড়ির গৃহিণীদের ‘হোমমেকার’ নয় ‘দেশ গড়ার কারিগর’ স্বীকৃতি সুপ্রিম কোর্টের
মন্ত্রী আরও বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্ভবত এমন একটি ভাবমূর্তি তৈরি করতে চাইছেন যাতে তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী শিবিরের একজন গুরুত্বপূর্ণ মুখ হিসেবে দেখা হয়। তবে তাঁর মতে, এই ধরনের রাজনৈতিক অবস্থান বা বক্তব্যকে বিজেপি বিশেষ গুরুত্ব দিচ্ছে না। অর্জুন সিংয়ের মন্তব্য, “বিজেপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে খুব একটা গুরুত্ব দেয় না।”
গত কয়েকদিন ধরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করে আসছেন যে, তাঁকে মাঝরাতে ফোন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মামলা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আচরণ এবং নেতৃত্বের ধরন নিয়েও প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর এই ধারাবাহিক মন্তব্য রাজনৈতিক মহলে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে।
রাজ্যের রাজনৈতিক মহলের একাংশের মতে, তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে দীর্ঘদিন ধরেই অসন্তোষের সুর শোনা যাচ্ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে একাধিক নেতার প্রকাশ্য মন্তব্য সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। বিশেষ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো দলের একজন প্রবীণ সাংসদের ধারাবাহিক মন্তব্য দলীয় নেতৃত্বের জন্য অস্বস্তি বাড়িয়েছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।



















