সায়ন সেনগুপ্ত, কলকাতা: অনবদ্য লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে গত ইন্ডিয়ান সুপার লিগ। সমান সংখ্যক পয়েন্ট ছিল ময়দানের দুই প্রধান তথা ইস্টবেঙ্গল (East Bengal) এবং মোহনবাগান সুপার জায়ান্টের। শেষ পর্যন্ত গোল পার্থক্যের ভিত্তিতে বাজিমাত করে মশাল ব্রিগেড। যারফলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। সেই আমেজ এখনও রয়ে গিয়েছে সমর্থকদের মধ্যে। তবে এসবের মাঝেই নতুন সিজনের জন্য পরিকল্পনা গঠনের কাজ শুরু করে দিয়েছে একাধিক ফুটবল ক্লাব। তবে গত রবিবার পর্যন্ত ধোঁয়াশার মধ্যে ছিল দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ।
তবে সোমবার ক্লাব গুলির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গিয়েছে অনেকটাই। এসবের মাঝেই উঠে আসতে শুরু করেছে মনিপুরের এক মিডফিল্ডারের নাম। তিনি খাইমিন লুংডিম। গত সিজনে প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব এফসির জার্সিতে খেলেছিলেন বছর ছাব্বিশের এই মিডফিল্ডার। যেখানে আইএসএলে বারোটা ম্যাচের মধ্যে একটি অ্যাসিস্ট ছিল এই ফুটবলারের। এছাড়াও সুপার কাপের পাশাপাশি ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের মতো টুর্নামেন্টে ও যথেষ্ট দাপটের সাথে খেলতে দেখা গিয়েছিল তাঁকে।
তবে গত মে মাসেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়েছে পাঞ্জাবের এই ফুটবল দলের। বিভিন্ন মাধ্যম সূত্রে খবর সেই সুযোগ কাজে লাগিয়েই নাকি তাঁকে দলে টানতে চাইছে একাধিক ফুটবল ক্লাব। যার মধ্যে শোনা যেতে শুরু করেছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের নাম। যদিও এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি বিষয়টি।




















