সায়ন সেনগুপ্ত, কলকাতা: খারাপ সময় কিছুতেই যেন কাটতে চাইছে না ভারতীয় ফুটবল দলের। এশিয়ান কাপ কোয়ালিফায়ারে খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি খালিদ জামিলের ছেলেদের। হতাশাজনক পারফরম্যান্সের মধ্য দিয়ে শেষ হয়েছিল অভিযান। তারপর এবারের ইউনিটি কাপে অংশগ্রহণ করেছিল ব্লু-টাইগার্স। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল জ্যামাইকার পাশাপাশি জিম্বাবুয়ের বিরুদ্ধে। ভালো পারফরম্যান্স করার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। পরাজিত হতে হয়েছিল দুইটি ম্যাচে। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের।
সেই ধাক্কা কাটিয়ে ফ্রেন্ডলী ম্যাচে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা ছিল সকলের। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ৫ই জুন তাজিকিস্তানের বিরুদ্ধে প্রথম প্রীতি ম্যাচে নেমেছিল গুরপ্রীত সিং সান্ধুরা। যেখানে শেষ পর্যন্ত দেখা গিয়েছিল হতাশাজনক পারফরম্যান্স। দুইটি গোলের ব্যবধানে পরাজিত হতে হয়েছিল তাজিকিস্তানের কাছে। যেটা কিছুতেই মেনে নিতে পারেননি দেশের ফুটবলপ্রেমীরা। আগামীকাল অর্থাৎ ৯ই জুন দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত। তবে এসবের মাঝেই সামনে এসেছে নয়া তথ্য। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্ষেত্রে এমন খারাপ পারফরম্যান্সের দরুন এবার বদল এসেছে ফিফা তালিকায়।
পূর্বে ১৩৬ নম্বরে অবস্থান করছিল ব্লু-টাইগার্স। তবে এবার সেখান থেকে অনেকটাই নিচে নেমে এসেছে খালিদ জামিলের দল। সংশোধিত তালিকা অনুযায়ী বর্তমানে ১৩৯ নম্বরে নেমেছে ভারতীয় দল। তাদের আগে রয়েছে বর্তমানে লাটভিয়া, মালয়েশিয়া এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মতো দেশ।




















