রাজ্য পুলিশে বিরাট রদবদল! একযোগে বদলি ১৭৯ জন আইপিএস আধিকারিক

কলকাতা: রাজ্য পুলিশ প্রশাসনে এক নজিরবিহীন ও বড়সড় রদবদল ঘটাল নবান্ন। প্রশাসনিক স্তরে একযোগে ১৭৯ জন আইপিএস (IPS) আধিকারিককে বদলি করা হয়েছে। সাম্প্রতিক সময়ে পুলিশ মহলে এত বড় ...

By Moumita Biswas

Published:

Updated:

Follow Us

কলকাতা: রাজ্য পুলিশ প্রশাসনে এক নজিরবিহীন ও বড়সড় রদবদল ঘটাল নবান্ন। প্রশাসনিক স্তরে একযোগে ১৭৯ জন আইপিএস (IPS) আধিকারিককে বদলি করা হয়েছে। সাম্প্রতিক সময়ে পুলিশ মহলে এত বড় মাপের রদবদল কার্যত বেনজির বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

সোমবার নবান্নের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। কলকাতা পুলিশ, হাওড়া পুলিশ কমিশনারেট, সিআইডি (CID), এসটিএফ (STF) থেকে শুরু করে একাধিক জেলার পুলিশ সুপার (SP) ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্তাদের এই তালিকায় স্থানান্তরিত করা হয়েছে। নবান্ন সূত্রের দাবি, এটি একটি সম্পূর্ণ রুটিনমাফিক বদলি। তবে ওয়াকিবহাল মহলের মতে, নির্বাচনের পর নতুন সরকারের আইনশৃঙ্খলা ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ আরও মজবুত করতেই এই সিদ্ধান্ত।

   

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আচরণবিধি লাগু হওয়ার পর নির্বাচন কমিশন রাজ্য ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল ঘটিয়েছিল। এক লপ্তে ১৭৩টি থানার ওসি ও আইসি-দের বদলির পাশাপাশি উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এডিজি, আইজিপি এবং হাওড়া, ব্যারাকপুর ও আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনারদেরও সরিয়ে দেওয়া হয়েছিল। ভোট মিটে যাওয়ার পর নতুন সরকারের জমানায় এই প্রথম এত বড় মাপের পুলিশি পুনর্বিন্যাস করা হলো।

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, বাঁকুড়া ও মালদা রেঞ্জ-সহ বেশ কয়েকটি বিভাগের আইজিপি (IGP) পদে বড় রদবদল হয়েছে। সেই সঙ্গে একাধিক জেলার পুলিশ সুপারদের দায়িত্ব বদল করা হয়েছে। বীরভূমের এসপি সূর্যপ্রতাপ যাদবকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (ট্রাফিক) এবং পুরুলিয়ার এসপি বৈভব তিওয়ারিকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি পদে আনা হয়েছে। জলপাইগুড়ির এসপি অমরনাথ কে-কে উত্তরবঙ্গের আইবি-র ডিআইজি (DIG) পদে পাঠানো হচ্ছে। বারাসত পুলিশ জেলার এসপি পুষ্পা যাচ্ছেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার পদে এবং কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার ওয়াই রঘুবমশীকে উত্তরবঙ্গ এসটিএফ-এর এসপি করা হয়েছে। এছাড়া, ডায়মন্ড হারবারের এসপি ঈশানি পালকে কলকাতা পুলিশের সাউথ ওয়েস্ট ডিভিশনের ডিসি এবং পূর্ব বর্ধমানের এসপি সায়ক দাসকে কলকাতা পুলিশের নর্থ ডিভিশনের ডিসি (ডেপুটি কমিশনার) পদে আনা হয়েছে।

জেলার নতুন দায়িত্বে যাঁরা-
প্রশাসনিক কাজের গতি বাড়াতে জেলাগুলিতেও পাঠানো হয়েছে নতুন পুলিশ সুপারদের। নতুন নির্দেশিকা অনুযায়ী-

জলপাইগুড়ি: সুজাতাকুমারী বীণাপানি

বারাসত: জে মার্সি

ডায়মন্ড হারবার: চন্দ্রশেখর বর্ধন

দক্ষিণ দিনাজপুর: অভিষেক গুপ্তা

বারুইপুর: অরবিন্দ কুমার আনন্দ

বীরভূম: ভি. আর. ভুনদেশ

বাঁকুড়া: ভি. জি. সতীশ পসুমার্থি

হাওড়া গ্রামীণ: অমিত বর্মা

পুরুলিয়া: কুমার সানি রাজ

হুগলি গ্রামীণ: কে. ভূষণ সিং

আইপিএস পদমর্যাদার শীর্ষ কর্তাদের পাশাপাশি বেশ কিছু জেলার অ্যাসিস্ট্যান্ট এসপি (অ্যাডিশনাল এসপি) এবং এসডিপিও (SDPO) পদেও রদবদল করা হয়েছে। বদলি হওয়া সমস্ত আধিকারিকদের দ্রুত নতুন দায়িত্বভার গ্রহণ করার নির্দেশ দিয়েছে নবান্ন।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google