তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। সূত্রের খবর অনুযায়ী, দলের একাংশ বিদ্রোহী সাংসদ এই মুহূর্তে দিল্লিতে (Delhi) একটি গোপন বৈঠকে মিলিত হয়েছেন। জানা যাচ্ছে, অন্তত ২০ জনেরও বেশি সাংসদ এই বৈঠকে উপস্থিত রয়েছেন। এই বৈঠক ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে।
সূত্র মারফত আরও জানা গিয়েছে,(Delhi) এই বৈঠকের মূল আলোচ্য বিষয় হল দলের ভবিষ্যৎ অবস্থান, সংসদীয় কৌশল এবং নেতৃত্বের সঙ্গে সম্পর্ক। দীর্ঘদিন ধরেই দলের ভেতরে কিছু সাংসদের মধ্যে অসন্তোষ জমছিল বলে রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল। সেই অসন্তোষই এখন প্রকাশ্যে রূপ নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে এই বিদ্রোহী সাংসদরা কি সুখেন্দু শেখর রায়ের মতো রাজ্যসভা থেকে ইস্তফা দেবেন, নাকি সম্পূর্ণ ভিন্ন পথে গিয়ে সংসদের ভিতরেই আলাদা একটি ব্লক তৈরি করবেন? এই দুই সম্ভাবনাই এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে রয়েছে।
সূত্রের খবর, এই বৈঠকে অংশ নেওয়া বেশ কয়েকজন সাংসদ মনে করছেন, তাঁদের মতামত সংসদীয় কৌশল নির্ধারণে যথাযথ গুরুত্ব পাচ্ছে না। এই অনুভূতিই তাঁদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে বলে দাবি করা হচ্ছে। যদিও এই বিষয়ে কোনও সাংসদের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এখনও পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেয়নি। দলীয় সূত্রে বলা হচ্ছে, বিষয়টি নজরে রাখা হচ্ছে এবং পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। তবে দলের ভিতরে যে কিছু অস্বস্তি তৈরি হয়েছে, তা অস্বীকার করছে না একাংশ।




















