হাড়োয়া: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে৷ এই আবহে উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় নির্বাচনী জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ তাঁর অভিযোগ, “গণতন্ত্রকে চৈত্র সেলের মতো বিক্রি করে দিয়েছে বিজেপি, এবং এই আচরণের বিরুদ্ধে বাংলার মানুষই রায় দেবে৷’’
ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে এদিন ফের প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, বহু বৈধ ভোটারের নাম পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছিল৷ “সুপ্রিম কোর্টে যাওয়ার পরেই ৩২ লক্ষ মানুষের নাম ফের অন্তর্ভুক্ত হয়েছে,” বলেন তিনি। পাশাপাশি তিনি আশ্বাস দেন, যাদের নাম এখনও বাদ রয়েছে, তাদেরও দ্রুত তালিকায় ফিরিয়ে আনা হবে৷
সভা থেকে ভিনরাজ্যে কর্মরত বাঙালিদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, রাজনৈতিক কারণে বাঙালিদের টার্গেট করা হচ্ছে এবং তাঁদের উপর অত্যাচার করা হচ্ছে৷ “বাংলার মানুষকে অপমান করা হলে আমরা চুপ করে থাকব না,”এই বার্তা দেন তিনি৷
ইডি ও সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ব্যবহার নিয়েও বিজেপিকে নিশানা করেন তিনি৷ তাঁর বক্তব্য, বিরোধীদের দমন করতে এই সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে৷ “গণতন্ত্রকে দুর্বল করে দেওয়ার চেষ্টা চলছে,” বলেন তৃণমূল সুপ্রিমো৷ তীব্র সমালোচনার মাঝেই দলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শোনাল তাঁকে৷ তিনি বলেন, “মানুষ আমাদের পাশে আছে, তৃণমূলই আবার জিতবে৷” তাঁর এই মন্তব্যে সভায় উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়৷
উল্লেখ্য, নির্বাচনের আগে রাজ্যজুড়ে জোরকদমে প্রচার চালাচ্ছে তৃণমূল৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ দলের শীর্ষ নেতৃত্ব বিভিন্ন জেলায় সভা করছেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন৷ মানুষের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দিচ্ছেন তাঁরা৷




















