মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR দায়ের বিশ্ব হিন্দু পরিষদের!

কলকাতা: শিয়রে ২০২৬-এর হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। ভোটের দামামা বাজতেই শাসক থেকে বিরোধী, সব পক্ষই প্রচারের ময়দানে নেমে পড়েছে। আর এই উত্তপ্ত রাজনৈতিক আবহেই এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ...

By Moumita Biswas

Published:

Follow Us
FIR against Mamata Banerjee

কলকাতা: শিয়রে ২০২৬-এর হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। ভোটের দামামা বাজতেই শাসক থেকে বিরোধী, সব পক্ষই প্রচারের ময়দানে নেমে পড়েছে। আর এই উত্তপ্ত রাজনৈতিক আবহেই এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করে বিতর্কের ঝড় তুলল বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। পুলিশের বিরুদ্ধে সরাসরি অভিযোগ না নেওয়ার দাবি তুলে ই-মেইলের মাধ্যমে এই এফআইআর দায়ের করা হয়েছে।

বিতর্কের সূত্রপাত কোথায়?

জানা গিয়েছে, সম্প্রতি রাজ্যজুড়ে চলা এসআইআর (SIR) প্রক্রিয়ার প্রতিবাদে ধর্মতলায় টানা ৫ দিনের ধরনা কর্মসূচিতে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক শীর্ষ নেতা। বিশ্ব হিন্দু পরিষদের অভিযোগ, ওই মঞ্চ থেকেই একটি বিতর্কিত মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

   

বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমাদের সরকার আছে বলেই আপনারা সবাই ভাল আছেন। যদি আমরা না থাকি, এক সেকেন্ড লাগবে… একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে এক সেকেন্ডে একদম ১২ টা বাজিয়ে দেবে।”

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ও তুমুল সমালোচনা FIR against Mamata Banerjee

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। খোদ রাজ্যের প্রশাসনিক প্রধানের মুখে এমন মন্তব্যের জেরে শুরু হয় তুমুল রাজনৈতিক তরজা। নেটিজেনদের একাংশ থেকে শুরু করে বিরোধীরা এই মন্তব্যকে ‘বিভ্রান্তিকর’, ‘অনভিপ্রেত’ এবং চরম ‘সাম্প্রদায়িক উস্কানিমূলক’ বলে আখ্যা দিয়েছেন।

কী পদক্ষেপ নিল বিশ্ব হিন্দু পরিষদ?

এই উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তুলেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের পথে হেঁটেছে বিশ্ব হিন্দু পরিষদ। গত মঙ্গলবার বীরভূমের রামপুরহাট থানায় বিশ্ব হিন্দু পরিষদের পূর্ব ক্ষেত্রের সম্পাদক অমিয় কুমার সরকার এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করতে যান।

সংগঠনের দাবি, পুলিশ সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই এফআইআর নিতে অস্বীকার করে। বাধ্য হয়ে এরপর ই-মেইলের মাধ্যমে অভিযোগপত্রটি পুলিশের কাছে পাঠানো হয়।

কী বলছেন অভিযোগকারী?

গোটা বিষয়টি নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের নেতা অমিয়বাবু তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো একটি সাংবিধানিক পদে বসে কেউ যদি প্রকাশ্যে এমন উস্কানিমূলক মন্তব্য করেন, তবে রাজ্যে আইন-শৃঙ্খলার চরম অবনতি হতে পারে। এমনকি এর জেরে দাঙ্গার মতো ভয়াবহ পরিস্থিতিও তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই সরাসরি মমতার বিরুদ্ধে এই অভিযোগ জানানো হয়েছে বলে তিনি স্পষ্ট করেছেন।

বিধানসভা নির্বাচনের ঠিক মুখে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এহেন এফআইআর যে রাজ্য রাজনীতিতে নতুন করে ঘি ঢালল, তা আর বলার অপেক্ষা রাখে না।

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google