সিউড়ি: ভোটের মুখে ফের চরমে ‘বহিরাগত বনাম ভূমিপুত্র’ তরজা! বীরভূমের সিউড়ির মাটি থেকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বিস্ফোরক চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, “সত্যিই যদি বাংলার ২৯৪টি আসনে লড়তে চান, তবে প্রধানমন্ত্রীর গদি ছেড়ে আগে ঘোষণা করুন যে আপনি বাংলার মুখ্যমন্ত্রী হতে চান!”
এদিন সিউড়ির জনসভা থেকে নিজেকেই তৃণমূলের ‘আসল মুখ’ হিসেবে তুলে ধরেন তিনি। ভোটারদের উদ্দেশে তাঁর বার্তা, “তৃণমূলের সরকার চাইলে ২৯৪টি আসনেই আমাকে প্রার্থী হিসেবে ভাবতে হবে।” মোদীকে সরাসরি ‘বহিরাগত’ কটাক্ষ করার পাশাপাশি, প্রধানমন্ত্রীর চর্চিত রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-কেও তুলোধোনা করেন মমতা। তাঁর অভিযোগ, সাধারণ মানুষের প্রকৃত সমস্যার সমাধান না করে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে শুধু নজর ঘোরানোর চেষ্টা চালাচ্ছে কেন্দ্র সরকার।
কেন্দ্রের পাশাপাশি আরএসএস (RSS)-এর মতো ডানপন্থী সংগঠনগুলিকেও এদিন একহাত নেন তৃণমূল সুপ্রিমো। তাঁর তোপ, এদের প্রধান কাজই হলো বিভাজনের রাজনীতি করে মানুষের মনে বিদ্বেষ ছড়ানো।
রাজ্যে নিয়োগ আটকে থাকা নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। মোদী সরকারের ‘২ কোটি চাকরি’-র প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “আমরা যখনই রাজ্যে শূন্যপদে নিয়োগ করতে যাই, তখনই নানা মামলা করে তা আটকে দেওয়া হয়।” সব মিলিয়ে সিউড়ির সভা থেকে কেন্দ্র ও বিজেপির বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ কয়েকগুণ বাড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।




















