হাওড়া: গভীর রাতে হাওড়ার আমতায় ভয়াবহ অগ্নিকাণ্ড৷ সোমবার রাতে আমতার গগন মোড়ে পরপর দুটি গুদামে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আগুনের তীব্রতায় গুদামের সামনে দাঁড়িয়ে থাকা একটি চার চাকা গাড়িও ভস্মীভূত হয়ে গিয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কাঠের গুদামের মালিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।
গভীর রাতের তাণ্ডব
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমতা থেকে নারিট যাওয়ার পথে গগন মোড়ের কাছে একটি কাঠের গুদাম এবং তার পাশেই একটি ইলেকট্রনিক সরঞ্জামের গুদাম ছিল। সোমবার গভীর রাতে আচমকাই কাঠের গুদামটিতে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। মুহূর্তে আগুন ভয়াবহ রূপ নিয়ে পাশের ইলেকট্রনিক্স গুদামেও ছড়িয়ে পড়ে। ইলেকট্রনিক্স গুদামে প্রচুর পরিমাণে ফ্রিজ, এসি-সহ অন্যান্য বৈদ্যুতিন সরঞ্জাম মজুত ছিল, যা আগুনের গ্রাসে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
দমকলের তৎপরতা ও তদন্ত Howrah Amta fire incident
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। মঙ্গলবার সকাল পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি বলে দমকল সূত্রে খবর। ঘটনাস্থলে পৌঁছন হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সুবিমল পাল-সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা। ঠিক কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ফরেন্সিক তদন্তের দাবি বিধায়কের
মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাজি। তিনি পুলিশ ও দমকল আধিকারিকদের সাথে কথা বলেন। বিধায়ক আশঙ্কা প্রকাশ করে বলেন, “এই অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে হবে।” তিনি রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায় এবং জেলা পুলিশ সুপারের সাথে কথা বলে দ্রুত ফরেন্সিক দল এনে তদন্তের দাবি জানিয়েছেন।




















