সায়ন সেনগুপ্ত, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগে ঝড়ের গতিতে এগিয়ে চলেছে মোহনবাগান (Mohun Bagan)সুপার জায়ান্ট। কেরালা ব্লাস্টার্স ম্যাচ থেকে শুরু করে চেন্নাইয়িন, মহামেডান হোক কিংবা ওডিশা এফসি। একের পর এক ম্যাচে প্রতিপক্ষ দলকে কার্যত খরকুটোর মত উড়িয়ে দিয়েছে সবুজ-মেরুন। দাপটের সাথে ফুটবল খেলে শুধুমাত্র ৩ পয়েন্ট নিশ্চিত করাই নয়। প্রতিপক্ষ দল গুলির বিরুদ্ধে গোলের ব্যবধানে ও বেড়ে চলেছে ক্রমশ। গত শুক্রবার বিকেলে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে লিগের চতুর্থ ম্যাচ খেলতে নেমেছিল সবুজ-মেরুন। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল জগন্নাথের রাজ্যের ফুটবল ক্লাব।
Read More: দেশ ছেড়ে বিদেশে, ইউরোপিয়ান লিগে দল কিনছেন দ্রাবিড় ও অশ্বিন
সম্পূর্ণ সময়ের শেষে চারটি গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় সার্জিও লোবেরার ছেলেরা। যারফলে পয়েন্টের পাশাপাশি গোল পার্থক্যের দিক থেকেও বাকিদের তুলনায় অনেকটাই এগিয়ে গেল মেরিনার্সরা। বর্তমানে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান বজায় রাখল কলকাতা ময়দানের এই প্রধান। সেই সাথে রয়েছে গোল পার্থক্যের বিস্তর ফারাক। বলাবাহুল্য, এদিনের এই ম্যাচে আইএসএলে এক নয়া নজির গড়ে মোহনবাগান। প্রথমার্ধেই প্রতিপক্ষের বিরুদ্ধে চারটি গোল করে ফেলেছিল বাগান ফুটবলাররা। রেকর্ড ঘাটলে দেখা যায় এমন পারফরম্যান্স এর আগে লক্ষ্য করা গিয়েছিল ছিল মুম্বাই সিটি বনাম এফসি গোয়া ম্যাচে।
Read More: ফেডারেশনকে কড়া চিঠি আইএসএলের ১২ টি ক্লাবের
সেই সাথে গোটা ম্যাচ জুড়ে আলাদাই এক মাত্রা যুক্ত করেছিল জেমি ম্যাকলারেনের পারফরম্যান্স। এদিন প্রথম থেকেই দুরন্ত ছন্দে ছিলেন এই অস্ট্রেলিয়ান বিশ্বকাপার। প্রথমার্ধের মধ্যেই ওডিশা ডিফেন্ডারদের নাস্তানাবুদ করে তিনবার বল গোলে ঠেলে দিয়েছিলেন জেমি। এছাড়াও একবার অমরিন্দর সিংকে পরাস্ত করেছিলেন বাগান ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ। মাঝে রহিম আলি ব্যবধান কমাতে সক্ষম হলেও সেটা ম্যাচের ফেরার জন্য যথেষ্ট ছিল না। তারপর দ্বিতীয়ার্ধে ও দেখা যায় একই ছবি। কার্লোস ডেলগাডোদের পরাস্ত করে বারংবার ওডিশার রক্ষণভাগে হানা দিতে দেখা যায় মনবীর সিং থেকে শুরু করে লিস্টন কোলাসো ও জেসন কামিন্সরা।
Read More: ঘরের মাঠে গোয়ার কাছে আটকে গেল ইস্টবেঙ্গল, কী বললেন দেবব্রত সরকার?
নির্ধারিত ৯০ মিনিটের শেষের দিকে নিজের চতুর্থ গোল করে যান জেমি ম্যাকলারেন। এছাড়াও বাকি সময় জুড়ে একাধিক সহজ সুযোগ নষ্ট করেছিলেন দলের ফুটবলাররা। না হলে আরও বাড়তে পারত ব্যবধান। বলাবাহুল্য, এই ম্যাচের মধ্য দিয়েই ইন্ডিয়ান সুপার লিগে নিজের প্রথম হ্যাটট্রিক সম্পন্ন করেছেন এই অজি তারকা। সেই সাথে সকলকে পিছনে ফেলে টপ স্কোরারের অন্যতম দাবিদার হিসেবে উঠে আসলেন তিনি। নিজের এই অভূতপূর্ব পারফরম্যান্সের দরুন ম্যাচের বলটি নিজের সঙ্গে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এই বিদেশি ফুটবলার। এমনকি ম্যাচের পর সাংবাদিক বৈঠকেও এই বল নিয়েই উপস্থিত হয়েছিলেন বাগানের এই তারকা। যা রীতিমতো মন জয় করে সকলের।




















