সোহিনী পোড়েল, কলকাতা: দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল (ISL)। তবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে ঠাণ্ডা লড়াই চলছে আইএসএলের ক্লাবগুলির। এবার ফেডারেশনকে কড়া চিঠি দিল আইএসএলের ১২ টি ক্লাব। যদিও সেই তালিকায় নেই জামশেদপুর এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড।
ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণকে চিঠি দিয়ে আইএসএলের ১২ টি ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, যদি ফেডারেশন মনে করে আইএসএল শুধুমাত্র ফেডারেশনের লিগ, তাহলে ফেডারেশনকেই নিতে হবে পুরো আর্থিক দায়ভার। যদি এই লিগের অংশীদারিত্ব পায় ক্লাবগুলোও, তাহলে লিগ পরিচালনার ক্ষেত্রে ক্লাবগুলির কথাকেও মান্যতা দিতে হবে। কিন্তু ক্লাবগুলোর সঙ্গে কোনোরকম আলোচনা করা হয় না। আলোচনা ছাড়াই নিজেদের ইচ্ছা মতো দীর্ঘমেয়াদি মার্কেটিং রাইটস দেওয়ার জন্য টেন্ডার ডাকা হয়েছে।
দিন কয়েক আগে ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল শুরুর আগে ঠিক করা হয়েছিল, শর্ট টার্ম আইএসএল চালানোর জন্য গঠন করা হবে গভর্নিং কাউন্সিল। ইতিমধ্যেই গভর্নিং কাউন্সিল ঠিক করতে আইএসএলে অংশগ্রহণকারী ক্লাবগুলির কাছে প্রস্তাবিত চ্যাটার পাঠিয়েছে ফেডারেশন। চ্যাটারে রয়েছে আইএসএল খেলার জন্য প্রত্যেকটি ক্লাব ১ কোটি টাকা করে দেবে। কিন্তু এখনও পর্যন্ত চ্যাটারে সই করেনি ক্লাবগুলি। এর অর্থ হল – ফেডারেশনের দেওয়া প্রস্তাবগুলি মানছে না আইএসএলের ক্লাবগুলি। শুধু তাই নয়। আইএসএল খেলার জন্য ১ কোটি টাকা দিতে চাইছে না ক্লাবগুলি।
ক্লাবগুলো চিঠিতে জানিয়েছে, ভারতীয় ফুটবলের স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে ৩০ লক্ষ টাকা প্রথম কিস্তি জমা দেবে তাঁরা। যদিও এই অর্থ দেওয়ার মানে যে ফেডারেশনের সিদ্ধান্ত মেনে নেওয়া, তা নয় বলে চিঠিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে ক্লাবগুলি।




















