Monday, May 25, 2026
Home Sports News হাসানিয়া ইউনিয়ন স্পোর্টে যোগ দিলেন হামিদ আহদাদ

হাসানিয়া ইউনিয়ন স্পোর্টে যোগ দিলেন হামিদ আহদাদ

Hamid Ahdad

এই মরসুমে ডুরান্ড কাপের সময় হামিদ আহদাদকে (Hamid Ahdad) সই করিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব। তারপর ম্যাচ গড়ানোর সাথে সাথেই কলকাতা ময়দানের এই প্রধানের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে শুরু করেছিলেন এই মরোক্কান তারকা। হেডে দিয়ে গোল করার পাশাপাশি যথেষ্ট দক্ষতার সাথে আপফ্রন্টে প্রভাব বিস্তার করতে শুরু করেছিলেন এই বিদেশি ফুটবলার। ডুরান্ডের পর ঐতিহাসিক আইএফএ শিল্ডে ও যথেষ্ট দাপুটে ফুটবল খেলেছিলেন হামিদ। এমনকি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে পড়শী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন তিনি। যদিও চূড়ান্ত সাফল্য মেলেনি। টাইব্রেকারে বদলে গিয়েছিল সমস্ত কিছু।

- Advertisement -

তারপরেও দেশের সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপে ভালো পারফরম্যান্স করে ট্রফি জয়ের পরিকল্পনা ছিল লাল-হলুদের। কিন্তু সেটা সম্ভব হয়নি। তারপর থেকেই অনুশীলন বন্ধ করে দিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। পরবর্তীতে অর্থাৎ নতুন বছরের পঞ্চম দিন থেকে অনুশীলন শুরু করে ময়দানের এই প্রধান। যেখানে প্রথম দিনে উপস্থিত ছিলেন দলের তিন বিদেশি ফুটবলার। হিরোশি ইবুসুকি, মহম্মদ রশিদ এবং সাউল ক্রেসপো। এছাড়াও পরবর্তীতে যোগ দিতে শুরু করেছিলেন অন্যান্য ফুটবলাররা। তবে সেই সময় সকলকে চমকে দিয়েছিল হামিদের দল ছাড়ার বিষয়টি। পরবর্তীতে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পারস্পরিক সম্মতিতে হামিদকে রিলিজ করে দেওয়ার কথা জানিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল।

   

তারপর নিজের সোশ্যাল সাইটে ইস্টবেঙ্গল নিয়ে একটি আবেগঘন স্টোরি আপলোড করেছিলেন এই তারকা। যেখানে ক্লাবের সঙ্গে কাটানো স্মৃতি তুলে ধরেছিলেন হামিদ। জানা গিয়েছিল যে নিজের পরিবারের কাছাকাছি থাকতেই আগ্রহী ছিলেন এই ফুটবলার। সেই জন্য পারস্পরিক সম্মতিতে তাঁর সাথে চুক্তি ছিন্ন করেছিল মশাল ব্রিগেড। এবার নিজের দেশের প্রথম টায়ারের ফুটবল ক্লাবে যোগ দিলেন হামিদ আহদাদ। গত বৃহস্পতিবার মরক্কোর ফুটবল দল হাসানিয়া ইউনিয়ন স্পোর্ট ডি আগাদীর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই দাপুটে ফুটবলার। ইস্টবেঙ্গলের পর এবার এই দলের হয়েই নিজের পুরনো ছন্দ ফিরিয়ে আনার লক্ষ্য থাকবে হামিদের।

Follow on Google