পাখির চোখ ’২৬-এর বিধানসভা ! মোদীর পর দু’দিনের সফরে রাজ্যে আসছে অমিত শাহ

২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাংলার রাজনীতিতে কার্যত অলআউট অভিযানে নেমেছে বিজেপি নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাইভোল্টেজ সফরের রেশ কাটতে না কাটতেই আবারও রাজ্য সফরে আসছেন দেশের ...

By Moumita Biswas

Published:

Updated:

Follow Us
Amit Shah Bengal Visit

২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাংলার রাজনীতিতে কার্যত অলআউট অভিযানে নেমেছে বিজেপি নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাইভোল্টেজ সফরের রেশ কাটতে না কাটতেই আবারও রাজ্য সফরে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে, জানুয়ারি মাসের শেষলগ্নেই দুই দিনের সফরে কলকাতায় পা রাখছেন তিনি। মূলত ব্যারাকপুর ও উত্তরবঙ্গকে কেন্দ্র করে সাজানো হয়েছে তাঁর এবারের রণকৌশল।

কবে আসছেন বঙ্গে?

দলীয় সূত্রের খবর অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি শুক্রবার রাতে কলকাতায় এসে পৌঁছাবেন অমিত শাহ। ওইদিন নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে রাত্রিবাস করবেন তিনি এবং রাতেই রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে একটি জরুরি সাংগঠনিক বৈঠকে বসতে পারেন। এরপরের দিন অর্থাৎ ৩১ জানুয়ারি শনিবার সকালে ব্যারাকপুরের আনন্দপুর মাঠে একটি বিশাল জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর। উত্তর ২৪ পরগনার এই শিল্পাঞ্চলে শাহর এই সভা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। সময় ও সুযোগ থাকলে ব্যারাকপুরের কর্মসূচি শেষ করেই ওই একই দিনে শিলিগুড়িতে একটি সাংগঠনিক সভায় যোগ দিতে পারেন তিনি। ওইদিন রাতেই তাঁর দিল্লি ফেরার কথা রয়েছে।

   

নজরে বঙ্গ Amit Shah Bengal Visit

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর শেষবার রাজ্য সফরে এসেছিলেন শাহ। সেই সময় সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন তিনি। বিহার, অসম ও ওড়িশার পর এবার পশ্চিমবঙ্গকেই গেরুয়া শিবির যে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে, তা কেন্দ্রীয় নেতাদের ঘন ঘন বঙ্গ সফর থেকেই স্পষ্ট। ইতিমধ্যেই বিজেপির নতুন জাতীয় সভাপতি নিতিন নবীন দু’দিনের রাজ্য সফরে এসে কর্মীদের মনোবল চাঙ্গা করার কাজ শুরু করেছেন। তার আগে প্রধানমন্ত্রী মোদী মালদা থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করে এবং সিঙ্গুরে জনসভা করে কার্যত বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দিয়েছেন।

রাজনৈতিক মহলের মতে, একদিকে বারবার কেন্দ্রীয় নেতাদের রাজ্যে পাঠিয়ে নিচুতলার কর্মীদের চাঙ্গা রাখা এবং অন্যদিকে বঙ্গ নেতৃত্বের জন্য নির্বাচনের নয়া ব্লু-প্রিন্ট তৈরি করে দেওয়াই বিজেপির মূল লক্ষ্য। শাহর এই ব্যারাকপুর ও শিলিগুড়ি সফরকে কেন্দ্র করে ইতিমধ্য়েই প্রস্তুতি তুঙ্গে উঠেছে গেরুয়া শিবিরের অন্দরে।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google