সাম্বা: প্রজাতন্ত্র দিবসের আবহে জম্মু-কাশ্মীরের সাম্বা সেক্টরে সীমান্তে উত্তেজনা৷ অনুপ্রবেশের চেষ্টা চালায় এক ব্যক্তি৷ তবে সেনা সক্রিয়তায় সেই ছক ভেস্তে দিল সেনা৷ বড়সড় সাফল্য পেল বিএসএফ। রবিবার গভীর রাতে রামগড় সেক্টরের চেক মাজরা সীমান্ত আউটপোস্টের কাছে পাক অনুপ্রবেশকারীকে খতম করে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা।
ঠিক কী ঘটেছিল?
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে রুটিন নজরদারি চালাচ্ছিলেন জওয়ানরা৷ সেই সময়েই ওই সন্দেহজনক ব্যক্তিকে সীমান্তের দিকে এগিয়ে আসতে দেখা যায়। জওয়ানরা তাঁকে বারবার সতর্ক করে থামতে বললেও, কোনও কর্ণপাত করেনি। বাধ্য হয়েই গুলি চালায় বিএসএফ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই অনুপ্রবেশকারীর। সোমবার সকালে তার দেহ উদ্ধার করে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
উদ্ধার পাক পরিচয়পত্র: তল্লাশির সময় নিহতের কাছ থেকে একটি পাকিস্তানি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, বছর ৬১-র ওই ব্যক্তির নাম মহম্মদ আরিফ, সে পাকিস্তানের লাহোরের বাসিন্দা। কী উদ্দেশ্যে সে সীমান্ত পেরোনোর চেষ্টা করছিল, তা খতিয়ে দেখছে সুরক্ষা সংস্থাগুলো।
সন্দেহভাজন যুবক আটক: একই জেলার ডাবো গ্রাম থেকে আরও এক ব্যক্তিকে আটক করেছে জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)। রুটিন তল্লাশির সময় ওই ব্যক্তির মোবাইলে একাধিক পাকিস্তানি নম্বর পাওয়া গিয়েছে। সে কোনও সীমান্তপারের চক্রের সঙ্গে যুক্ত কি না, তা জানতে সাম্বা থানায় নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এমনিতেই গোটা সীমান্ত এলাকায় হাই অ্যালার্ট জারি রয়েছে। অনুপ্রবেশ রুখতে ড্রোনের মাধ্যমেও কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ।




















