পে কমিশন ক্যালকুলেটর স্ক্যাম! হ্যাকারদের নজরে সরকারি কর্মীদের অ্যাকাউন্ট

কলকাতা: অষ্টম পে কমিশন (8th Pay Commission) নিয়ে সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষাকেই এবার হাতিয়ার করছে সাইবার প্রতারকরা। বেতন বৃদ্ধির লোভ দেখিয়ে হোয়াটসঅ্যাপে ছড়ানো হচ্ছে একটি বিশেষ লিঙ্ক। কেন্দ্র ...

By Moumita Biswas

Published:

Follow Us
8th Pay Commission calculator scam

কলকাতা: অষ্টম পে কমিশন (8th Pay Commission) নিয়ে সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষাকেই এবার হাতিয়ার করছে সাইবার প্রতারকরা। বেতন বৃদ্ধির লোভ দেখিয়ে হোয়াটসঅ্যাপে ছড়ানো হচ্ছে একটি বিশেষ লিঙ্ক। কেন্দ্র ও রাজ্য উভয় স্তরের সরকারি কর্মী এবং পেনশনভোগীদের টার্গেট করে এই নয়া জালিয়াতির জাল বিছিয়েছে অপরাধীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (I4C) ইতিমধ্যেই দেশজুড়ে এই নিয়ে সতর্কতা জারি করেছে।

কিভাবে ফাঁদ পাতছে প্রতারকরা?

প্রতারকরা হোয়াটসঅ্যাপ বা এসএমএসের মাধ্যমে একটি আকর্ষণীয় মেসেজ পাঠাচ্ছে। সেখানে দাবি করা হচ্ছে যে, অষ্টম পে কমিশন কার্যকর হওয়ার পর আপনার সংশোধিত বেতন বা পেনশন ঠিক কত হবে, তা জানা যাবে একটি ‘স্যালারি ক্যালকুলেটর’ টুলের মাধ্যমে। এই টুলটি ব্যবহারের জন্য একটি APK ফাইল ডাউনলোড করার নির্দেশ দেওয়া হচ্ছে। জালিয়াতির ধাপগুলি নিচে দেওয়া হলো:

   

প্রথমেই আপনার ফোনে একটি সন্দেহজনক লিঙ্ক বা সরাসরি ফাইল পাঠানো হবে। আপনি কৌতূহলবশত সেই APK ফাইলটি ইনস্টল করলেই প্রতারকরা আপনার ফোনের যাবতীয় নিয়ন্ত্রণ (Remote Access) পেয়ে যাবে। এরপর আপনার মোবাইলে থাকা ব্যাঙ্কিং অ্যাপের তথ্য ও পাসওয়ার্ড চুরি করে নিমেষের মধ্যে আপনার জমানো টাকা সরিয়ে নেওয়া হচ্ছে।

সরকারি নির্দেশিকা ও সতর্কতা 8th Pay Commission calculator scam

কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে জানিয়েছে যে, কোনো সরকারি বিভাগ বেতন সংক্রান্ত তথ্য বা গণনার টুল হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠায় না। সাইবার বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ফাইল ইনস্টল করা মানে নিজের হাতে ফোনের চাবিকাঠি প্রতারকের হাতে তুলে দেওয়া।

সুরক্ষিত থাকতে যা অবশ্যই করবেন-

অষ্টম পে কমিশন সংক্রান্ত যেকোনো নির্ভরযোগ্য তথ্যের জন্য শুধুমাত্র সরকারি অফিসিয়াল ওয়েবসাইট করুন।
অপরিচিত নম্বর থেকে আসা কোনো লিঙ্ক বা ফাইল ক্লিক বা ডাউনলোড করবেন না।
ফোনে সবসময় টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখুন এবং কোনো ওটিপি (OTP) কারো সাথে শেয়ার করবেন না।
যদি কোনো জালিয়াতির শিকার হন, তবে অবিলম্বে ১৯৩০ (1930) হেল্পলাইনে ফোন করে বা সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ জানান।

বর্তমান পরিস্থিতি

উল্লেখ্য, অষ্টম পে কমিশন নিয়ে ইতিমধ্যেই কেন্দ্র সরকার বিশেষ প্যানেল গঠন করেছে এবং এই কমিশনের মেয়াদ ১৮ মাস পর্যন্ত হতে পারে। আগামী ১৬ মার্চ, ২০২৬ পর্যন্ত বিভিন্ন স্টেকহোল্ডারদের কাছ থেকে মতামত চাওয়া হয়েছে। চূড়ান্ত ঘোষণার আগে কোনো ক্যালকুলেটরই আপনার প্রকৃত বেতন বৃদ্ধির নির্ভুল তথ্য দিতে সক্ষম নয়। তাই গুজবে কান না দিয়ে সরকারি ঘোষণার জন্য অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google